নির্বাচন প্রভাবিত করতে সরকার সেনা চাইছে না: আফরোজা

নির্বাচনকে প্রভাবিত করতে সরকার সেনাবাহিনী মোতায়েন করতে চাইছে না বলে মন্তব্য করেছেন ঢাকা দক্ষিণের বিএনপি-সমর্থিত মেয়র পদপ্রার্থী মির্জা আব্বাসের স্ত্রী আফরোজা আব্বাস। সরকারদলীয় লোকজন ও পুলিশ প্রচারের সময় নানাভাবে হেনস্তা করছে বলেও অভিযোগ করেন তিনি।
গতকাল রোববার সকাল সাড়ে ১০টার দিকে রাজধানীর জিগাতলা এলাকা থেকে নির্বাচনী প্রচার, গণসংযোগ ও প্রচারপত্র বিতরণ শুরু করেন আফরোজা আব্বাস। এর আগে তিনি সাংবাদিকদের সঙ্গে কথা বলেন।
আফরোজা আব্বাস বলেন, ‘নির্বাচনকে প্রভাবিত করতে সরকার সেনাবাহিনী মোতায়েন করতে চাচ্ছে না। আমরা চাই নির্বাচনের অন্তত সাত দিন আগে সেনা মোতায়েন করা হোক। সুষ্ঠু নির্বাচন চাইলে সরকারকে এটা করতে হবে।’
আফরোজা অভিযোগ করে বলেন, ‘আমরা যেখানেই যাচ্ছি, সরকারদলীয় লোকজন হামলা চালাচ্ছে। পুলিশ হেনস্তা করছে। আমি কোনো বাসায় ঢুকলাম, আমার সামনেই ঘরে ঢুকে তল্লাশি চালানো হচ্ছে। এ অবস্থায় নির্বাচন সুষ্ঠু করতে আমরা সেনাবাহিনী চাই, কেন্দ্রে কেন্দ্রে সিসিটিভি চাই।’ তিনি প্রশ্ন রেখে বলেন, ‘সরকার যদি মনে করে জনগণ তাদের পক্ষে আছে, তাহলে সেনাবাহিনী মোতায়েন করতে সমস্যা কোথায়?’
আফরোজা আব্বাস গতকাল দুপুর পর্যন্ত ঢাকা দক্ষিণের জিগাতলা এলাকার ২২ নম্বর ওয়ার্ডের সালেক গার্ডেন, মনেশ্বর রোড ও রায়েরবাজার এলাকায় প্রচার চালান। পরে বিকেলে তিনি ধানমন্ডি আবাসিক এলাকা ও নিউমার্কেট এলাকায় প্রচারণা চালান।