সরকারি কলেজশিক্ষকদের সংগঠন বিসিএস সাধারণ শিক্ষা সমিতির নির্বাচন মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) মহাপরিচালক ফাহিমা খাতুন প্রভাবিত করার চেষ্টা করছেন বলে অভিযোগ করেছে এই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী শফিক-শাহেদ প্যানেল। তাঁদের অভিযোগ, মহাপরিচালক প্রত্যক্ষ ও পরোক্ষভাবে মাসুমে রব্বানী ও সেলিম উল্লাহ প্যানেলের পক্ষে নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন। এই দুটি প্যানেলই সরকার-সমর্থক বলে পরিচিত।
গতকাল রোববার ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে সংবাদ সম্মেলনে এই অভিযোগ করেন এই প্যানেলের সভাপতি প্রার্থী এস এম শফিকুল ইসলাম ও এই প্যানেলের নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক শ্রীকান্ত কুমার চন্দ।
এ বিষয়ে জানতে চাইলে ফাহিমা খাতুন অভিযোগ অস্বীকার করে প্রথম আলোকে বলেন, ‘আমি নির্বাচন প্রভাবিত করার কোনো চেষ্টা করিনি। এই নির্বাচনে ভোট দেওয়ার বিষয়ে যদি কাউকে বলে থাকি, তাহলে তাঁরা প্রমাণ হাজির করতে পারেন।’
কাল মঙ্গলবার সমিতির নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনে সরকার ঘরানার শিক্ষকেরা দুটি প্যানেলে নির্বাচন করছেন। একটি হলো মাসুমে রব্বানী ও সেলিম উল্লাহ প্যানেল এবং আরেকটি হলো শফিক-শাহেদ প্যানেল।
এর বাইরে জাতীয়তাবাদী ঘরানার শিক্ষকেরা নাসরিন ও সোহেল নামে আরেকটি প্যানেলে নির্বাচন করছে। শিক্ষকদের নির্বাচন ঘিরে এই প্রথম কাদা ছোড়াছুড়ি হচ্ছে। এবার ভোটার ১০ হাজার ৩০০।