নির্বাচন প্রভাবিত করার চেষ্টার অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁদপুরে প্রশাসনকে ব্যবহার করে পৌর নির্বাচনকে প্রভাবিত করার চেষ্টার অভিযোগ করেছেন মেয়র পদে প্রার্থী ও বিএনপির সাবেক নেতা শফিকুর রহমান ভূইয়া। তাঁর পোস্টার-ব্যানার ছিঁড়ে ফেলা হচ্ছে, নির্বাচনী এজেন্টদেরও পুলিশ হয়রানি করছে বলে তিনি অভিযোগ করেন।
গত বৃহস্পতিবার চাঁদপুর প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে তিনি এসব অভিযোগ করেন।
শফিকুর তাঁর প্রতিপক্ষ নাছির উদ্দিন আহমেদের বিরুদ্ধে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ করে বলেন, ‘প্রতিপক্ষ মেয়রপ্রার্থীর পক্ষে ভোটকেন্দ্র ব্যবহার করে নাগরিক কমিটির ব্যানারে নির্বাচনী সভা করা হচ্ছে। সরকারি প্রটোকল ব্যবহার করে ভোট চাওয়া হচ্ছে।’
একই দিন রাত ১০টায় চাঁদপুর প্রেসক্লাব ভবনে স্থানীয় সংবাদকর্মীদের সহযোগিতা চেয়েছেন পৌরসভার বর্তমান মেয়র ও আওয়ামী লীগসমর্থিত প্রার্থী নাছির উদ্দিন আহমেদ ও তাঁর নির্বাচন পরিচালনা কমিটির সদস্যরা। এ সময় শফিকুরের অভিযোগ ভিত্তিহীন দাবি করে নাছির বলেন, ‘আমার বিজয় নিশ্চিত দেখে শফিকুর এমন অভিযোগ করছেন।’