কিশোরগঞ্জের কুলিয়ারচর পৌরসভার মর্যাদা পায় ১৯৯৯ সালের ১৪ ফেব্রুয়ারি। সে সময় ক্ষমতায় ছিল আওয়ামী লীগ। আর আজকের রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান ছিলেন কিশোরগঞ্জ-৭ (বর্তমানে ৬ আসন, ভৈরব-কুলিয়ারচর) আসনের সাংসদ। একই সঙ্গে তিনি ছিলেন স্থানীয় সরকারমন্ত্রী। সে সময় পৌর প্রশাসকের দায়িত্ব পান তৎকালীন ক্ষমতাসীন দলের আস্থাভাজন হিসেবে পরিচিত মুসা মিয়ার ছোট ভাই আবুল হাসান।মুসা মিয়া কুলিয়ারচর কোল্ড স্টোরেজের মালিক, প্রতিষ্ঠিত চিংড়ি রপ্তানিকারক। স্থানীয়ভাবে তাঁর পরিবারকে লোকে ‘ইছা পরিবার’ বলে ডাকে। আবুল হাসান নয় মাস পৌর প্রশাসক থাকার পর আসে নির্বাচন। সে বছর নীতিগতভাবে বিএনপি নির্বাচনে অংশ নেয়নি। অন্য কেউ মুসা মিয়ার পরিবারের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতায় নামেনি। সে কারণে আবুল হাসান বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হন। পরের নির্বাচনে প্রার্থী যথারীতি আবুল হাসান।আবুল হাসানের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতায় কে এগিয়ে আসতে পারেন, ভোটারদের বোঝার আর বাকি থাকে না। প্রতিপক্ষ হিসেবে মাঠে নামেন আরেক প্রভাবশালী নুরুল মিল্লাত। তিনি কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য আলম গ্রুপ অব কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক শরীফুল আলমের আস্থাভাজন হিসেবে পরিচিত। আলম গ্রুপ অব কোম্পানি পঁচা সাবানের প্রস্তুতকারক প্রতিষ্ঠান। সেই হিসেবে এলাকায় ‘পঁচা’ বললে শরীফুল আলমকেই বোঝানো হয়। শরীফুল আলম সংসদ নির্বাচনে একবার মো. জিল্লুর রহমানের (রাষ্ট্রপতি) সঙ্গে, পরে তাঁর ছেলে নাজমুল হাসানের সঙ্গে পরাজিত হন। দ্বিতীয় নির্বাচনে নুরুল মিল্লাতের কাছে আবুল হাসান ধরাশায়ী হন। তখন থেকে তিনটি নির্বাচনে আলম ও মুসা মিয়ার আস্থাভাজন ওই দুজন ছাড়া আর কেউ প্রতিদ্বন্দ্বিতায় আসেনি।অনুসন্ধানে জানা গেছে, কিশোরগঞ্জসহ পার্শ্ববর্তী ব্রাহ্মণবাড়িয়া ও নরসিংদীর দশটি পৌরসভায় কুলিয়ারচর ছাড়া সব কটিতে মেয়র পদে দুইয়ের অধিক প্রার্থী রয়েছেন। এই অবস্থায় কুলিয়ারচরের স্থির পরিসংখ্যান সমাজসচেতনদের ভাবনায় ফেলেছে। শুধু তা-ই নয়, কাউন্সিলর পদপ্রার্থীরাও হয় ‘ইছা’, নয় ‘পঁচা’ কারোর না কারোর অনুসারী। একইভাবে কুলিয়ারচরের ছয়টি ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যানরাও তাঁদের অনুগত। আর্থিক ও সামাজিক শক্তি ব্যবহার করে আলম ও মুসার অসংখ্য কর্মী বছরব্যাপী উপজেলায় বিচরণ করছেন। অনেকের মতে, এই কারণে তাঁদের বলয় ভেদ করে সাধারণ কেউ নেতৃত্বে আসতে পারছেন না।উপজেলার ব্যাপারীপাড়ার বয়োবৃদ্ধ আবদুর রহমান আক্ষেপ করে বলেন, ‘যে লক্ষণ শুরু হইছে, তা দেইখা তো মনে হয় মেয়র পদপ্রার্থীর সংখ্যা দুই থাইক্কা ইহজনমেও তিনে উঠব না।’ দাসপাড়ার বিনয় দাসের (৪৫) সুরে পাওয়া যায় একই আভাস। তিনি বলেন, ‘এই কথা সত্য, নির্বাচনসহ হগলকিছু পঁচা আর ইছার জালে আইটা গেছে। তাদের দুইজনের দয়া ছাড়া এই উপজেলায় মাতাব্বরিও করা সম্ভব না।’প্রথমবারের মতো ভোটার হয়েছেন নদীরপাড় এলাকার কলেজছাত্র সাফায়েত হোসেন। তিনি বলেন, ভালো করে খেয়াল করলে দেখা যাবে, স্কুল-মাদ্রাসা, মসজিদ, অনুষ্ঠানের অতিথি, দরবার-সালিস সব জায়গায় ওই দুজনের অনুগত ব্যক্তিরা আছেন। তাঁদের ছাড়া যেন কুলিয়ারচর অচল।এলাকাবাসীর বক্তব্যের সঙ্গে পরোক্ষভাবে হলেও একমত পোষণ করেছেন মেয়র পদপ্রার্থী আবুল হাসান। তিনি বলেন, ‘আমি সিআইপি মুসা মিয়ার পরিবারের সদস্য। কুলিয়ারচরের সমাজব্যবস্থায় আমার পরিবারের অবদান ভোলার সুযোগ নেই। সঙ্গত কারণেই লোকজন আমাদের কাছে আশ্রয় খোঁজে। এই কথা ঠিক, আমাদের পরিবারের কেউ নির্বাচনে এলে অনুগত কেউ প্রার্থী হতে চান না।’নুরুল মিল্লাত অবশ্য বিষয়টির সঙ্গে পুরোপুরি একমত নন। তিনি বলেন, ‘কুলিয়ারচরের রাজনীতি আওয়ামী লীগ আর বিএনপির মধ্যে সীমাবদ্ধ। আমরা দুই দলের প্রতিনিধি হিসেবে নির্বাচন করছি। অন্যদের আসার সুযোগ রয়েছে।’উপজেলা নির্বাচন কার্যালয় সূত্র জানায়, দুজন মেয়র প্রার্থী ছাড়াও এবার নির্বাচনে ৩০ জন সাধারণ কাউন্সিলর পদে এবং ১০ জন সংরক্ষিত নারী কাউন্সিলর পদে অংশ নিচ্ছেন।