নির্বাচন বর্জন বিএনপির

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেনীর সোনাগাজী পৌরসভা নির্বাচনে কেন্দ্র দখল, এজেন্টদের বের করে দেওয়া, ভোটারদের কেন্দ্রে যেতে বাধা দেওয়ার অভিযোগ করেছেন বিএনপি-মনোনীত মেয়র পদপ্রার্থী জামাল উদ্দিন। তিনি নির্বাচনকে ‘প্রহসন’ উল্লেখ করে পুনর্নির্বাচন দাবি করেছেন। গতকাল রোববার সকাল ১০টায় সোনাগাজী পৌরসভার কলেজ রোডের নিজ বাসভবনে সংবাদ সম্মেলনে নির্বাচন বর্জনের ঘোষণা দেন তিনি।
উপজেলা বিএনপির সভাপতি ও পৌর নির্বাচনের মেয়র প্রার্থীর নির্বাচনী সমন্বয়ক গিয়াস উদ্দিন, উপজেলা বিএনপির সাবেক সভাপতি জয়নাল আবদীন, সাবেক সাধারণ সম্পাদক সামছুদ্দিনসহ দলীয় নেতা-কর্মীরা সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।
বিএনপির মেয়র প্রার্থী অভিযোগ করেন, গত শনিবার থেকে ভোটারদের ভয়ভীতি প্রদর্শন এবং কেন্দ্রে যেতে নিষেধ করা হয়। সকালে ভোট গ্রহণ শুরুর আগেই সব কেন্দ্র দখল করে নেওয়া হয়। বিএনপির এজেন্টদের কেন্দ্র থেকে বের করে দিয়ে সকাল নয়টার মধ্যে ব্যালট পেপারে সিল মেরে বাক্স ভর্তি করে। তিনি নিজে ভোট দিতে পারলেও তাঁর স্ত্রীসহ পরিবারের সদস্যদের ভোটকেন্দ্র থেকে বের করে দেওয়া হয়।