জাতীয় সংসদ নির্বাচন বর্জনে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান।
গতকাল শনিবার যুক্তরাজ্যের লন্ডন থেকে ভিডিওবার্তায় তারেক রহমান এই আহ্বান জানান। তিনি বলেন, ‘আমাদের দেশ যখন এক গভীর অনিশ্চয়তায় নিমজ্জিত, তখন ‘‘আপনারা ভালো আছেন’’ এই প্রত্যাশা যেন নিছকই এক আনুষ্ঠানিকতা।’
এ ছাড়া গতকাল বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিবৃতিতে এবং বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ওসমান ফারুক সংবাদ সম্মেলন করে আজকের ভোট বর্জনের জন্য সবার প্রতি আহ্বান জানিয়েছেন।
এর আগে শুক্রবার বিবৃতিতে বিএনপির চেয়ারপারসন ও বিরোধীদলীয় নেতা খালেদা জিয়াও ভোট বর্জনের আহ্বান জানিয়েছেন। পাশাপাশি জেলাভিত্তিক বিএনপির নেতৃত্বাধীন ১৮-দলীয় জোটের সংগ্রাম কমিটিগুলো আজকের নির্বাচন প্রতিহত করতে এবং প্রতিবন্ধকতা সৃষ্টিসহ সহিংসতার চেষ্টা করবে।
গতকালের ভিডিওবার্তায় দেশবাসীর উদ্দেশে তারেক রহমান বলেন, আজ সময় এসেছে সবার এক হয়ে ৫ জানুয়ারির নির্বাচন প্রতিরোধ, প্রতিহত ও বর্জন করার। বিএনপি ও ১৮ দলের সর্বস্তরের নেতা-কর্মী ও সমর্থকের উদ্দেশে তিনি বলেন, এখন সর্বশক্তি দিয়ে ঐক্যবদ্ধভাবে আন্দোলনে ঝাঁপিয়ে পড়ার সময়। আর নির্দেশনার জন্য অপেক্ষা নয়। এখন থেকে লক্ষ্য একটাই—সকল ক্ষুদ্র বিভাজন ভুলে স্বৈরাচারী সরকার আর তার প্রহসনের নির্বাচনকে যেকোনো মূল্যে প্রতিহত করতে হবে।
তারেক রহমান দাবি করেন, গত পাঁচ বছরে দেশের সম্পদের অভূতপূর্ব লুটপাট, দেশের স্বাধীনতা-সার্বভৌমত্বের ন্যক্কারজনক বিনাশ আর রাজনৈতিক বিরোধী ও সমালোচকদের নজিরবিহীন দমনের মাধ্যমে আওয়ামী লীগ প্রমাণ করেছে, গত নির্বাচনে তাদের ক্ষমতা লাভের প্রক্রিয়াটি প্রকৃতপক্ষেই কলঙ্কজনক ছিল। তিনি বলেন, ‘জনবিচ্ছিন্ন আওয়ামী লীগের ওপর বিক্ষুব্ধ হয়ে আছে দেশের মানুষ। জনসমর্থন ও আত্মবিশ্বাস শূন্যের কোঠায় পৌঁছানো আওয়ামী লীগ সরকার গণমানুষের ইচ্ছাকে তাদের হীন রাজনৈতিক স্বার্থের মুখোমুখি দাঁড় করিয়েছে।’
তারেক রহমান বলেন, ‘২০০৬ সালে সংবিধান অনুযায়ী বিচারপতি কে এম হাসানকে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হিসেবে আওয়ামী লীগ মেনে নেয়নি। এখন শেখ হাসিনা নির্বাচনকালীন সরকারের প্রধান হতে চাচ্ছেন। তিনি কেবল অনিরপেক্ষই নন, খোদ আওয়ামী লীগের প্রধান। কোন ভরসায়, কিসের ভিত্তিতে বিএনপি বা অন্য যেকোনো দল শেখ হাসিনার অধীনে নির্বাচনে যাবে?’