খুলনার রূপসা উপজেলায় ব্যালট পেপার ও বাক্স ছিনতাই-চেষ্টার সময় পুলিশ গুলি করেছে। এ সময় গুলিবিদ্ধ হয়েছেন জেলা আওয়ামী লীগের সদস্য ও কৃষক লীগের সাধারণ সম্পাদক ফ ম সালাম শিকদারসহ অন্তত সাতজন। বাধা দেওয়ার সময় দুই পুলিশ সদস্যও গুলিবিদ্ধ হয়েছেন।
রূপসার সামন্তসেনা দারুল সুন্নাহ মাদ্রাসা কেন্দ্রের এ ঘটনা ছাড়া আর কোনো বড় সহিংসতার খবর পাওয়া না গেলেও গতকাল রোববার পাঁচ উপজেলাতেই কমবেশি কেন্দ্র দখল ও জাল ভোট দেওয়ার ঘটনা ঘটেছে।
দারুল সুন্নাহ মাদ্রাসা কেন্দ্রে বেলা দুইটার দিকে এ ঘটনা ঘটে। এতে কিছু সময়ের জন্য ভোট গ্রহণ বন্ধ রাখা হয়। পরে সেনাসদস্য, বিজিবি, পুলিশ ও প্রশাসনের কর্মকর্তারা এলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। এরপর আবার ভোট গ্রহণ শুরু হয়।
ওই কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা মনি মোহন বলেন, ‘কিছু লোক এসে ব্যালট পেপার ছিঁড়ে ফেলতে শুরু করে। তারা ব্যালট বাক্স নিয়ে যাওয়ার চেষ্টা করছিল। তখন পুলিশ এসে ব্যবস্থা নিয়েছে।’ অবশ্য স্থানীয় আওয়ামী লীগ দাবি করেছে, ‘সামান্য কথা-কাটাকাটির’ ঘটনা ঘটেছিল। গুলি করার মতো কিছু হয়নি।
জানতে চাইলে এলাকার সরকারদলীয় সাংসদ এস এম মোস্তফা রশিদী সুজা প্রথম আলোকে বলেন, সবাই মিলে ভোট দেওয়ার জন্য যাচ্ছিলেন। কোনো কারণ ছাড়াই পুলিশ গুলি চালিয়ে তাঁদের আহত করেছে। রূপসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, কিছু উচ্ছৃঙ্খল লোক এসে জোর করে ভোট দেওয়ার চেষ্টা করে। এ সময় পুলিশ তাদের বাধা দেয়। একপর্যায়ে পুলিশ গুলি চালায়।
প্রায় সর্বত্রই কেন্দ্র দখল, জাল ভোট: গতকাল জেলার রূপসা, তেরখাদা, ফুলতলা, বটিয়াঘাটা ও দাকোপ উপজেলায় ভোট হয়। পাঁচ উপজেলাতেই পুলিশ ও প্রশাসনের চোখের সামনে সরকারদলীয় ব্যক্তিদের ভোটকেন্দ্র দখল, জাল ভোট দেওয়ার ঘটনা ঘটে। তেরখাদা উপজেলায় সকালেই অনেক ভোটকেন্দ্র দখল হয়ে যায়। আনন্দনগর প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে জাল ভোট চলার সময় প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক আবদুল্লাহ হেল ওয়ারিশ সেখানে উপস্থিত হলে তাঁকে মারধর করে সরকারি দলের সমর্থকেরা। এরপর প্রায় আধা ঘণ্টা ওই কেন্দ্রে তাঁকে আটকে রাখা হয়।
দুপুর ১২টার দিকে বিএনপি-সমর্থিত প্রার্থী মেজবাহ উল আলম ভোট বর্জনের ঘোষণা দেন।
বিএনপির ভোট বর্জন, আজ হরতাল: ভোটকেন্দ্র দখল, জাল ভোটসহ নানা অনিয়মের বিষয়ে বিএনপি-সমর্থিত প্রার্থীরা দিনভর রিটার্নিং কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তার কাছে অভিযোগ করেছেন। বিকেল তিনটার দিকে পাঁচ উপজেলাতেই ভোট বর্জনের ঘোষণা দেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল আলম। নির্বাচনে অনিয়মের প্রতিবাদে পাঁচ উপজেলায় আজ সোমবার সকাল-সন্ধ্যা হরতাল পালিত হবে বলেও তিনি প্রথম আলোকে জানান।
রূপসা ও তেরখাদা উপজেলার বিএনপি-সমর্থিত দুই প্রার্থী এস এম মনিরুল ইসলাম ও মেজবাহ উল আলম নিজেরাই সংবাদ সম্মেলন করে ভোট বর্জনের কথা জানান। তবে বাকি তিন উপজেলায় বিএনপি-সমর্থিত প্রার্থীরা ভোট বর্জনের কথা বলেননি।