নির্বাচন বাতিল ও ইসির পদত্যাগ চায় আদর্শ ঢাকা আন্দোলন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সংবাদ সম্মেলনে বক্তব্য দিচ্ছেন অধ্যাপক এমাজউদ্দীন আহমদ। ছবিতে (বাঁ থেকে) আবদুল হাই শিকদার, মাহফুজ উল্লাহ ও শওকত মাহমুদ l প্রথম আলো
সংবাদ সম্মেলনে বক্তব্য দিচ্ছেন অধ্যাপক এমাজউদ্দীন আহমদ। ছবিতে (বাঁ থেকে) আবদুল হাই শিকদার, মাহফুজ উল্লাহ ও শওকত মাহমুদ l প্রথম আলো

সিটি করপোরেশন নির্বাচনকে তামাশার নির্বাচন আখ্যায়িত করে তা বাতিল ও পুরো নির্বাচন কমিশনের (ইসি) পদত্যাগ দাবি করেছে আদর্শ ঢাকা আন্দোলন।
গতকাল বুধবার বিকেলে জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়। আদর্শ আন্দোলনের ব্যানারে ঢাকার উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনে নির্বাচন করেছিলেন বিএনপি-সমর্থিত প্রার্থীরা।
সংবাদ সম্মেলনে আদর্শ ঢাকা আন্দোলনের আহ্বায়ক অধ্যাপক এমাজউদ্দীন আহমদ বলেন, তিনি ১৯৪৬ সাল থেকে সব নির্বাচন দেখেছেন। কিন্তু কোনো নির্বাচনই গতকালের নির্বাচনের সঙ্গে তুল্য নয়। এ নির্বাচন আবর্জনাতুল্য। তিনি বলেন, হরতাল হচ্ছিল, শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ হয়ে যাচ্ছিল—এমন পরিস্থিতিতে তারা নির্বাচনে যাওয়ার বিষয়টি বিএনপিকে প্রস্তাব করেছিল। নির্বাচন হলে একধরনের সংলাপ হবে, এটা ভেবে তারা এ প্রস্তাব দিয়েছিল। তিনি মনে করেন, এক অর্থে সংলাপ হয়েছে। ভোটাররা ভোটারদের সঙ্গে কথা বলেছেন, প্রার্থীরা প্রার্থীদের সঙ্গে, বিভিন্ন পর্যায় থেকে আদর্শ ঢাকা আন্দোলনের সঙ্গেও তাদের কথা হয়েছে। তাঁরা ভেবেছিলেন, এটিকে বৃহত্তর পর্যায়ে নিয়ে গেলে রাজনৈতিক সংলাপের রূপ আসবে। কিন্তু তা হয়নি।
এমাজউদ্দীন জাতীয় স্বার্থে ইসির পদত্যাগ দাবি করে বলেন, নির্বাচন কমিশন যা করেছে, প্রাইমারি স্কুলের ছাত্রদের বসিয়ে দিলেও একই কাজ করবে। এ কমিশন দিয়ে ছোটখাটো নির্বাচন করাও উচিত হবে না।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে আদর্শ ঢাকা আন্দোলনের সদস্যসচিব শওকত মাহমুদ বলেন, ‘আমরা নির্বাচন কমিশনের কাছে প্রত্যাশা করেছিলাম, তারা সবকিছুর ঊর্ধ্বে গণতন্ত্র, আইনের শাসনকে তুলে ধরে, সব প্রার্থীর জন্য সমান সুযোগ-সুবিধা নিশ্চিত করে, অবাধ ও সুষ্ঠু নির্বাচন উপহার দেবে। কিন্তু এ ক্ষেত্রে তাদের ব্যর্থতা হিলাময়চুম্বী, ক্ষমার অযোগ্য।’
লিখিত বক্তব্যে আদর্শ আন্দোলন অভিযোগ করেছে, প্রায় সব খানেই তাদের প্রার্থীদের এজেন্টদের ভোটকেন্দ্র থেকে বের করে দেওয়া হয়। ছাত্রলীগ, যুবলীগ ও পুলিশ-র্যাব ভোটকেন্দ্র দখল করে প্রতারণা, জালিয়াতি ও গায়ের জোরে ব্যালটে সিল মেরেছে। নির্বাচন কমিশন সরকারের মর্জি পূরণ করে নির্বাচনের নামে তামাশার মাধ্যমে আওয়ামী লীগকে জিতিয়ে দিয়েছে। কিন্তু হারিয়ে দিয়েছে গণতন্ত্রকে।
এক প্রশ্নের জবাবে শওকত মাহমুদ বলেন, আদর্শ ঢাকা আন্দোলন একটি নাগরিক সংগঠন। এটি কোনো রাজনৈতিক দল নয়। তাই এ নির্বাচন বিষয়ে কোনো কর্মসূচি দেওয়ার চিন্তা আপাতত তাঁদের নেই।
বিএনপি নেতা মওদুদ আহমদের সঙ্গে ঢাকা উত্তর সিটি করপোরেশনে বিএনপি-সমর্থিত মেয়র প্রার্থী তাবিথ আউয়াল ও বিএনপি নেতা শিমুল বিশ্বাসের কথোপকথনে বিএনপির নির্বাচন বর্জন পূর্বপরিকল্পিত বলে মনে হয়েছে, এমন অভিযোগের বিষয়ে জানতে চাইলে শওকত মাহমুদ বলেন, এটা ঠিক নয়। এটা ভিত্তিহীন। খালেদা জিয়া গুরুত্বের সঙ্গে নির্বাচন নিয়ে কাজ করেছেন। জীবনের ঝুঁকি নিয়ে তিনি নির্বাচনী প্রচারে নেমেছিলেন। বর্জন পরিকল্পিত হলে তিনি বের হতেন না। ভোটের দিন সকাল থেকে বিভিন্ন কেন্দ্রের পরিস্থিতি দেখে তারা নির্বাচন বর্জনের সিদ্ধান্ত নিয়েছেন।
এ নির্বাচনে বিএনপি লাভবান হয়েছে কি না, এমন প্রশ্নের জবাবে এমাজউদ্দীন বলেন, এ প্রশ্নের জবাব বিএনপির নেতারাই ভালো দিতে পারবেন। তবে শওকত মাহমুদ বলেন, একজন নাগরিক হিসেবে বলতে পারি, শেখ হাসিনাকে সরকারপ্রধান রেখে জাতীয় নির্বাচন কতটুকু অবাধ, সুষ্ঠু হতে পারে, তা প্রকাশ পেয়েছে।
সংবাদ সম্মেলনে আদর্শ ঢাকা আন্দোলনের স্টিয়ারিং কমিটির সদস্য মাহফুজ উল্লাহ, মাহবুব উল্লাহ, আ ফ ম ইউসুফ হায়দার, আবদুল হাই শিকদার প্রমুখ উপস্থিত ছিলেন।