ঝালকাঠি সদর পৌরসভার সদ্য সমাপ্ত নির্বাচন বাতিল করে পুনর্নির্বাচনের দাবিতে মামলা করেছেন আওয়ামী লীগের বিদ্রোহী মেয়র প্রার্থী ও জেলা আওয়ামী লীগের বহিষ্কৃত যুগ্ম সম্পাদক আফজাল হোসেন। ঝালকাঠির প্রথম যুগ্ম জেলা জজ এবং নির্বাচনী ট্রাইব্যুনালে তিনি মামলাটি করেছেন।
আদালতের বিচারক যুগ্ম জেলা ও দায়রা জজ শরীফ মো. সানাউল হক মামলাটি গ্রহণ করেন এবং ২৮ এপ্রিল শুনানির দিন ধার্য করেছেন।
এদিকে মামলা দায়েরের প্রতিবাদে গতকাল বুধবার দুপুরে ঝালকাঠি পৌরসভা কার্যালয় চত্বরে প্রতিবাদ সমাবেশ করেছেন নবনির্বাচিত পৌর কাউন্সিলররা। এ সময় বক্তব্য দেন পৌর কাউন্সিলর রেজাউল করিম, হুরমায়ূন কবির, তরুণ কর্মকার, হাফিজ আল মাহমুদ প্রমুখ। উপস্থিত ছিলেন মাহবুবুজ্জামান স্বপন, রফিকুল ইসলাম, সেলিম মুনশি, দুলাল হাওলাদার, শাহ আলম খান প্রমুখ। মামলার প্রতিবাদে আগামী রোববার সকাল ১০টায় বিক্ষোভ মিছিলের কর্মসূচি ঘোষণা করেন তাঁরা।
মামলার আরজিতে আফজাল হোসেন গত ২০ মার্চ অনুষ্ঠিত পৌর নির্বাচন বাতিল করে আবার নির্বাচন অনুষ্ঠানের দাবি করেন। এতে তিনি আওয়ামী লীগের মনোনীত নবনির্বাচিত মেয়র লিয়াকত আলী তালুকদারের বিরুদ্ধে পুলিশ ও সন্ত্রাসীদের মাধ্যমে কেন্দ্র দখল করে ভোট কারচুপির অভিযোগ আনেন। আফজাল হোসেনের পক্ষে আদালতে মামলাটি উপস্থাপন করেন বরিশালের আইনজীবী আজাদ রহমান।
মামলার আরজিতে অভিযোগ করা হয়, পৌর নির্বাচনের আগে থেকেই তাঁর (আফজাল হোসেন) পোলিং এজেন্টদের ঘরে ঘরে গিয়ে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী লিয়াকত আলী তালুকদার ও তাঁর লোকজন ভয়ভীতি দেখান। নির্বাচনের দিন ২০ মার্চ ভোট গ্রহণ শুরু হওয়ার পরপরই সন্ত্রাসী বাহিনী ব্যবহার করে ১৮টি কেন্দ্র থেকে তাঁর এজেন্টদের বের করে দেন তিনি (লিয়াকত আলী)। খবর পেয়ে তিনি (আফজাল) ৯ নম্বর ওয়ার্ডের সিটি কিন্ডারগার্টেন স্কুল কেন্দ্রে গেলে প্রিসাইডিং কর্মকর্তার সামনে নৌকায় সিল দেওয়া শতাধিক ব্যালট পেপার দেখতে পান। সন্ত্রাসীরা কেন্দ্র দখল করে ব্যালট পেপার কেড়ে নিয়ে সিল মারে। এর প্রতিবাদ করলে সন্ত্রাসীরা তাঁকে মারধর করে। গুরুতর অবস্থায় তাঁকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এ সুযোগে সব কেন্দ্রে ভোট জালিয়াতির মাধ্যমে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী জয়ী হন।
প্রহসনের এ নির্বাচন বাতিল করে পুনরায় নির্বাচন দাবি করেন আফজাল হোসেন। নির্বাচনী বিধিমালা অমান্য করে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী পাঁচ কোটি টাকার বেশি অবৈধভাবে ব্যয় করেন বলেও মামলায় অভিযোগ করা হয়।
নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী লিয়াকত আলী তালুকদার ১৭ হাজার ৩২০ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হন।
মামলার এসব অভিযোগ সম্পর্কে জানতে চাইলে নবনির্বাচিত মেয়র লিয়াকত আলী তালুকদার গতকাল দুপুরে বলেন, ‘এসবই মিথ্যা ও বানোয়াট অভিযোগ। তদন্ত হলেই প্রমাণ হবে ভোটাররা স্বতঃস্ফূর্তভাবে আমাকে ভোট দিয়ে জয়ী করেছেন।’