নির্বাচন বাতিলের পাশাপাশি হরতালও বন্ধ চায় এনডিএফ
সরকারি দলকে অবিলম্বে ‘প্রহসনের নির্বাচন’ বাতিল এবং বিরোধী দলকে লাগাতার হরতাল, অবরোধ, সহিংসতা, জ্বালাওপোড়াও বন্ধ করতে হবে। সম্প্রতি গঠিত নতুন জোট জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট (এনডিএফ) গতকাল মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে এ দাবি করেছে।
বিকল্পধারা বাংলাদেশ, জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি) এবং কৃষক শ্রমিক জনতা লীগের সমন্বয়ে গঠিত এনডিএফের নেতারা বলেন, দুই দলের হাত থেকে বাঁচতে জনগণকে ঐক্যবদ্ধ হয়ে উন্নত বিকল্প রাজনৈতিক শক্তির কথা ভাবতে হবে। বিকল্পধারা বাংলাদেশের সভাপতি সাবেক রাষ্ট্রপতি এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী এবারের নির্বাচনকে তথাকথিত নির্বাচন হিসেবে উল্লেখ করে তা বাতিল করার দাবি জানান। তিনি দাবি করেন, মাত্র ৫ শতাংশ ভোটার ভোট দিয়েছেন। অবিলম্বে সব দলের সঙ্গে আলোচনা করে পরবর্তী নির্বাচন আয়োজনেরও তাগিদ দেন বিকল্পধারার প্রধান।
জেএসডির সভাপতি আ স ম আবদুর রব শেখ হাসিনার উদ্দেশে বলেন, ‘মুক্তিযুদ্ধের সময় তিনি কোথায় ছিলেন তা জানি না। উনিই একমাত্র মুক্তিযুদ্ধের সৈনিক।’ বাংলাদেশ কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি কাদের সিদ্দিকী অবিলম্বে নতুন নির্বাচন করার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি আহ্বান জানান। তিনি বলেন, ২৪ জানুয়ারির মধ্যে যেকোনো দিন পদত্যাগ করে বহাল সংসদ সমাপ্ত করে সবাইকে নিয়ে নির্বাচন করতে হবে।
১৮-দলীয় জোট নির্বাচন শেষ হতে না হতেই অবরোধ চলা অবস্থায় যে হরতাল দিয়েছে, তারও সমালোচনা করেন কাদের সিদ্দিকী। তিনি বলেন, ‘অবরোধকে জোরদার করার জন্য অবরোধের ওপর হরতাল, হরতালের ওপর অবরোধ—এ ধরনের ডাবল ডোজ আমি আমার বাপ-দাদার জীবনে দেখিনি।’
জোটের পক্ষে লিখিত বক্তব্য পড়েন জেএসডির সাধারণ সম্পাদক আবদুল মালেক।