নির্বাচন বাধাগ্রস্ত হয় দুই কারণে...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রংপুর জেলা পরিষদ কমিউনিটি সেন্টারে স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণ কার্যক্রম উদ্বোধন করছেন  নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার। ছবি: প্রথম আলো
রংপুর জেলা পরিষদ কমিউনিটি সেন্টারে স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণ কার্যক্রম উদ্বোধন করছেন নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার। ছবি: প্রথম আলো

রংপুরে নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার বলেছেন, দুটি পাওয়ারের কারণে নির্বাচন বাধাগ্রস্ত হয়। একটি মানি পাওয়ার (অর্থের শক্তি)। আরেকটি মাসল পাওয়ার (পেশিশক্তি)। আগামী নির্বাচনে এই দুই পাওয়ারের কোনো দাপট থাকবে না। আগামী নির্বাচন হবে আমাদের অস্তিত্বের নির্বাচন। 

তিনি আজ শনিবার দুপুরে রংপুর জেলা পরিষদ কমিউনিটি সেন্টারে স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
তিনি আরও বলেন, নির্বাচনকে অবাধ ও নিরপেক্ষ করতে সব ধরনের ব্যবস্থা নেওয়া হবে। কোনো ধরনের গাফিলতি বরদাশত করা হবে না।
নির্বাচন কমিশনার বলেন, আজ থেকে রংপুর সিটি করপোরেশন এলাকায় স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণ শুরু করা হলো। ৯ অক্টোবর থেকে নিয়মিত স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণ করা হবে, চলবে আগামী বছরের ২৭ জুন পর্যন্ত।
রংপুর সিটি করপোরেশন নির্বাচন কবে অনুষ্ঠিত হবে সাংবাদিকদের এমন এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, এর জবাব আমি দেব না। এটা বলবেন নির্বাচন কমিশন সচিব।
এই প্রশ্নের উত্তরে নির্বাচন কমিশন সচিব হেলালুদ্দীন আহমদ বলেন, যদি কোনো ধরনের আইনি জটিলতা না আসে তাহলে চলতি বছরের ডিসেম্বরেই রংপুর সিটি করপোরেশন নির্বাচন হবে। এ জন্য নভেম্বরে তফসিল ঘোষণা করা হবে।
অনুষ্ঠানে রংপুরের ভাষাসৈনিক ও প্রবীণ রাজনীতিক মোহাম্মদ আফজাল, সিটি করপোরেশনের মেয়র সরফুদ্দীন আহমেদের হাতে স্মার্ট জাতীয় পরিচয়পত্র তুলে দিয়ে কার্যক্রমের উদ্বোধন করেন নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার। এরপর আরও ১৪ জন বিশিষ্ট ব্যক্তিকে স্মার্ট কার্ড প্রদান করা হয়।
আয়োজিত অনুষ্ঠানে রংপুর আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা সুভাষ চন্দ্র সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে স্মার্ট জাতীয় পরিচয়পত্র-বিষয়ক বিশেষ প্রতিবেদন উপস্থাপন করেন জাতীয় পরিচয়পত্র নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ সাইদুল ইসলাম।
এ ছাড়া বিশেষ অতিথি ছিলেন সিটি করপোরেশনের মেয়র সরফুদ্দীন আহমেদ, রংপুর বিভাগীয় কমিশনার কাজী হাসান আহমেদ, রংপুর পুলিশ রেঞ্জের অতিরিক্ত ডিআইজি বসির আহমেদ, জেলা প্রশাসক মুহাম্মদ ওয়াহিদুজ্জামান, জেলা পুলিশ সুপার মিজানুর রহমান প্রমুখ।