নির্বাচন বানচালকারীদের উপযুক্ত শিক্ষা দিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শেখ হাসিনা
শেখ হাসিনা

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, কিছু বিশিষ্টজনের কাজ হচ্ছে গণতন্ত্র ধ্বংস করা। কারণ, অগণতান্ত্রিক সরকার এলে উনাদের চাহিদা বাড়ে। তাঁরা বড় বড় কথা বলেন, কিন্তু জনগণের কল্যাণে কোনো কাজ করেন না। এঁদের সম্পর্কে দেশবাসীকে সজাগ থাকতে হবে।
গতকাল বুধবার রাজধানীর মিরপুর, পল্লবী ও উত্তরায় আওয়ামী লীগের প্রার্থীদের সমর্থনে পৃথক তিনটি নির্বাচনী জনসভায় প্রধানমন্ত্রী এসব কথা বলেন।
নির্বাচন বানচালের ষড়যন্ত্র হচ্ছে বলে অভিযোগ করে শেখ হাসিনা বলেন, দেশে গণতান্ত্রিক ধারা অব্যাহত রাখার জন্য এ নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ। গণতন্ত্র ছাড়া কোনো দেশের উন্নয়ন হয় না। ৫ জানুয়ারির নির্বাচন অবশ্যই হবে। আওয়ামী লীগ কোনো বাধার কাছে নতিস্বীকার করে না। তিনি নির্বাচন বানচালকারীদের ‘উপযুক্ত শিক্ষা’ দেওয়ার জন্য দলীয় নেতা-কর্মীদের প্রতি আহ্বান জানান।
শেখ হাসিনা গতকাল মিরপুর আদর্শ উচ্চবিদ্যালয় মাঠে দলীয় প্রার্থী কামাল আহমেদ মজুমদারের সমর্থনে একটি জনসভায় ভাষণ দেন। এরপর তিনি পল্লবী হারুন মোল্লা পার্কে ইলিয়াস উদ্দিন মোল্লা এবং উত্তরা আজমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে সাহারা খাতুনের সমর্থনে আরও দুটি জনসভায় ভাষণ দেন। প্রতিটি জনসভায় তিনি দলীয় প্রার্থীকে পরিচয় করিয়ে দেশের উন্নয়ন-অগ্রগতির জন্য নৌকা মার্কায় ভোট দেওয়ার আহ্বান জানান।
শেখ হাসিনা প্রত্যেককে ভোটকেন্দ্রে যাওয়ার অনুরোধ করে বলেন, ‘সবাই ভোট দিতে যাবেন। মনে করবেন না, জিতেই তো গেছি, ভোটকেন্দ্রে গিয়ে কী করব?’ তিনি বলেন, এক-এগারোর নির্যাতন-নিপীড়নের কথা মানুষ ভুলে যায়নি। তখন কিংস পার্টি গঠনের ষড়যন্ত্র হয়েছিল। কিছু লোক তখন নিজেদের বিশিষ্ট নাগরিক ঘোষণা দিয়েছিল। এই বিশিষ্টজনদের কাজ গণতন্ত্র ধ্বংস করা। ওই সময় ছাত্র-শিক্ষক, রাজনীতিবিদ, ব্যবসায়ী সবাই তাদের নির্যাতনের শিকার হয়েছিল।
প্রধানমন্ত্রী বলেন, জামায়াতে ইসলামীকে আদালত জঙ্গি সংগঠন হিসেবে চিহ্নিত করে নির্বাচনে অযোগ্য ঘোষণা করেছেন। জামায়াত নির্বাচনে আসতে পারবে না বলে তাদের দুঃখে কাতর হয়ে বিরোধীদলীয় নেত্রী নির্বাচনে আসেননি। যুদ্ধাপরাধীদের বাঁচানোই তাঁর লক্ষ্য। তাঁর আন্দোলনে জনসম্পৃক্ততা নেই। আন্দোলনের নামে বোমাবাজি, মানুষ পুড়িয়ে হত্যা, সেনা, পুলিশ ও বিজিবি সদস্যদের হত্যা করা হচ্ছে। হাজার হাজার বৃক্ষ নিধন করা হচ্ছে। এসবের সঙ্গে জড়িত ব্যক্তিদের বিচার করা হবে। আর বিরোধীদলীয় নেত্রী হবেন হুকুমের আসামি। তিনি বলেন, বিএনপি নেত্রী হরতাল-অবরোধ ডেকে ঘরে বসে মুরগির স্যুপ খান, রোস্ট চিবান। বিএনপি নেতারাও আন্দোলনের মাঠে নামেন না। কিছু ভাড়া করা লোক গাড়ি পোড়ায়, মানুষ মারে।
শেখ হাসিনা বলেন, ‘আমি অনেক চেষ্টা করেছি। বিরোধীদলীয় নেত্রীকে টেলিফোন করেছি, সংসদে ডেকেছি। বারবার বললাম, আসেন আলোচনা করি। সেই ২০১০ সাল থেকেই আমি বলে আসছি। কিন্তু আমার ডাকে তিনি কখনো সাড়া দেননি।’ তিনি বলেন, ‘আমি টেলিফোন করলাম দুপুর একটায়। উনাকে পাওয়া গেল সন্ধ্যা ছয়টায়। আমি তাঁকে কেমন আছেন জানতে চাইলাম। উনি আমি কেমন আছি জানতে না চেয়েই শুরু করলেন, ঝগড়া আর ঝাড়ি। আমি উনার সঙ্গে কখনো ঝগড়ায় পারব না। আলোচনার কথা বলার পর উনি আমাকে ৪৮ ঘণ্টার মধ্যে দেশ ছাড়ার হুমকি দিলেন।’
গত পাঁচ বছরে দেশের উন্নয়নের বর্ণনা দিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘আমরা দেশের আরও উন্নয়ন করতে চাই। ২০২১ সালের মধ্যে দেশকে মধ্যম আয়ের দেশে পরিণত করতে চাই। সন্ত্রাস-জঙ্গিবাদ বন্ধ করেছি। শিক্ষার হার ৭১ ভাগে উন্নীত হয়েছে। বছরের প্রথম দিনেই বই সরবরাহ করা হয়েছে। চিকিৎসাসেবা নিশ্চিত করা হয়েছে।’ তিনি বলেন, ‘একজন দিনমজুর এখন এক দিনের কামাই দিয়ে ৮-১০ কেজি চাল কিনতে পারেন। বিদ্যুতের জন্য হাহাকার ছিল। এখন ১০ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের সক্ষমতা অর্জন করেছি। দেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হয়েছে। আওয়ামী লীগ মানে উন্নয়ন।’