নির্বাচন বয়কটের কারণেই এরশাদকে গ্রেপ্তার: ফখরুল

একতরফা ও সরকারের পাতানো নির্বাচন বয়কট করার জন্যই জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান এইচ এম এরশাদকে গ্রেপ্তার করা হয়েছে বলে অভিযোগ করেছে প্রধান বিরোধী দল বিএনপি। খবর ইউএনবি।
আজ শুক্রবার এক বিবৃতিতে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ অভিযোগ করেন।
বিবৃতিতে মির্জা ফখরুল বলেন, ‘আমাদের ধারণা শুধু একতরফা পাতানো নির্বাচনে অংশ না নেওয়ার জন্যই জাতীয় পার্টির চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রপতি এইচ এম এরশাদকে গ্রেপ্তার করা হয়েছে। এরশাদকে গ্রেপ্তারই প্রমাণ দেশে কোনো গণতন্ত্রের অস্তিত্ব নেই।’
মির্জা ফখরুল আরও বলেন, সরকার একটা একদলীয় ভারসাম্যহীন নির্বাচন করতে যাচ্ছে। এটা প্রহসন ছাড়া আর কিছুই নয়। তিনি বলেন, ‘দেশের একজন সাবেক রাষ্ট্রপতিকে গ্রেপ্তার করায় আমরা উদ্বিগ্ন।’ তিনি এই গ্রেপ্তারের নিন্দা জানিয়ে অবিলম্বে এরশাদের মুক্তি দাবি করেন।
গতকাল বৃহস্পতিবার রাতে রাজধানীর বারিধারা বাসভবন থেকে জাপার চেয়ারম্যান এইচ এম এরশাদকে আটক করে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। পরে র্যাব তাঁকে গাড়িতে করে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) নিয়ে যায়।
র্যাব-১-এর কমান্ডিং অফিসার কর্নেল কিসমত হায়াত গণমাধ্যমকে জানান, এরশাদ হঠাত্ করেই অসুস্থ হয়ে পড়লে তাঁকে চিকিত্সার জন্য সিএমএইচে নিয়ে যাওয়া হয়।
আসন্ন জাতীয় সংসদ নির্বাচন বয়কট করার ঘোষণা দেওয়ার পর থেকেই এরশাদকে গ্রেপ্তার করা হতে পারে বলে জনমনে আশঙ্কা দেখা দিয়েছিল।