রাজশাহী জেলা মোটর শ্রমিক ইউনিয়ন
নির্বাচন ভন্ডুলের ১০ দিন পর আহ্বায়ক কমিটি প্রতিবাদে বাস বন্ধ
আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের নেতা-কর্মীরা হামলা চালিয়ে নির্বাচন ভন্ডুল করার ১০ দিন পর রাজশাহী জেলা মোটর শ্রমিক ইউনিয়নের আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। গতকাল রোববার নগর আওয়ামী লীগের শীর্ষস্থানীয় নেতাদের উপস্থিতিতে এ কমিটি ঘোষণা করা হয়। এই কমিটির বিরোধিতা করে বাস চলাচল বন্ধ করে বিক্ষোভ করেছে শ্রমিকদের একটি অংশ।
গতকাল দুপুরে নগরের একটি কমিউনিটি সেন্টারে মোটর শ্রমিক ইউনিয়নের সাবেক সভাপতি কামাল হোসেনকে আহ্বায়ক করে ২১ সদস্যের কমিটি ঘোষণা করা হয়। আহ্বায়ক কমিটিতে যুগ্ম আহ্বায়ক হয়েছেন মমিনুল ইসলাম। আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির অন্যতম সদস্য এ এইচ এম খায়রুজ্জামান লিটন এ কমিটি ঘোষণা করেন। এ সময় নগর আওয়ামী লীগের সহসভাপতি মাহফুজুল আলম, সম্পাদক ডাবলু সরকারসহ অন্য নেতারা উপস্থিত ছিলেন। ইউনিয়নের নির্বাচন পরিচালনা কমিটি ১ জুন আহ্বায়ক কমিটি অনুমোদন করে। গতকালই তা প্রকাশ করা হলো। আগামী তিন মাসের মধ্যে নির্বাচন পরিচালনা কমিটি গঠন করে গঠনতন্ত্র অনুযায়ী নির্বাচন করার আদেশ দেওয়া হয়েছে।
প্রসঙ্গত, গত ২৪ মে জেলা মোটর শ্রমিক ইউনিয়নের নির্বাচন শেষে ভোট গণনার একপর্যায়ে রাতে ভোটকেন্দ্রে হামলার ঘটনা ঘটে। সভাপতি পদপ্রার্থী কামাল হোসেনের পক্ষ নিয়ে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগ এই হামলা চালায় বলে অভিযোগ রয়েছে। এতে পাঁচ নির্বাচন কমিশনার ও এক সাংবাদিক লাঞ্ছিত হন। এ ঘটনায় নির্বাচন কমিশন ও পুলিশ বোয়ালিয়া থানায় পৃথক দুটি মামলা করেছে।
মোটর শ্রমিক ফেডারেশন রাজশাহী আঞ্চলিক কমিটির সভাপতি লতিফ মণ্ডল বলেন, সংগঠনের গঠনতন্ত্র অনুযায়ী এই কমিটি কেউ ঘোষণা করতে পারে না। তবে নতুন আহ্বায়ক কামাল বলেছেন, নির্বাচনে কোনো সমস্যা হলে নির্বাচন পরিচালনা কমিটির সিদ্ধান্তই চূড়ান্ত সিদ্ধান্ত হবে।