নির্বাচন মাথায় রেখে শ্রমিক মজুরি নির্ধারণের সুপারিশ
আগামী জাতীয় সংসদ নির্বাচন এবং বর্তমান বাজার পরিস্থিতি বিবেচনায় নিয়ে তৈরি পোশাকশিল্পের শ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণের সুপারিশ করেছে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় কমিটি।
আজ রোববার জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত কমিটির বৈঠকে এই সুপারিশ করা হয়।
বৈঠক শেষে কমিটির সদস্য শহীদুজ্জামান সরকার সাংবাদিকদের বলেন, ‘আমরা একটি বাস্তবসম্মত মজুরি কাঠামো নির্ধারণ করতে বলেছি। সরকার ন্যূনতম মজুরি ঘোষণা করল, অথচ তার প্রতিবাদে শ্রমিকেরা রাস্তায় নেমে পড়ল—এমন মজুরি কাঠামোর প্রয়োজন নেই। সামনে নির্বাচন। বিষয়টি মাথায় রেখে মজুরি নির্ধারণ করতে হবে।
সংসদ সচিবালয় থেকে জানানো হয়, বৈঠকে হল-মার্ক ও রানা প্লাজার পোশাক কারখানার শ্রমিকদের বকেয়া পাওনা ও বেতন-ভাতা দ্রুত পরিশোধের পরামর্শ দেওয়া হয়। এ ছাড়া রানা প্লাজার দুর্ঘটনায় নিহত শ্রমিকদের পরিবার ও আহত লোকজনকে দ্রুত ক্ষতিপূরণ দেওয়ার সুপারিশ করা হয়।
বৈঠকে তৈরি পোশাক কারখানার দুর্ঘটনা রোধে এবং জিএসপি-সুবিধা ফিরিয়ে আনতে দ্রুত ‘এডহক’ ভিত্তিতে আগামী ডিসেম্বরের মধ্যে কমপক্ষে ২০০ শ্রমিক পরিদর্শক নিয়োগের সুপারিশ করা হয়।
কমিটির সভাপতি ইসরাফিল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে কমিটির সদস্য শহীদুজ্জামান সরকার, ননী গোপাল মণ্ডল ও রওশন জাহান অংশ নেন।