নির্বাচন মাথায় রেখে শ্রমিকদের মজুরি নির্ধারণের সুপারিশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আগামী জাতীয় সংসদ নির্বাচন এবং বর্তমান বাজার-পরিস্থিতি বিবেচনায় নিয়ে তৈরি পোশাকশিল্পের শ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণের সুপারিশ করেছে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় কমিটি। গতকাল রোববার সংসদ ভবনে অনুষ্ঠিত কমিটির বৈঠকে এই সুপারিশ করা হয়।
বৈঠক শেষে কমিটির সদস্য শহীদুজ্জামান সরকার সাংবাদিকদের বলেন, ‘আমরা একটি বাস্তবসম্মত মজুরিকাঠামো নির্ধারণ করতে বলেছি। সরকার ন্যূনতম মজুরি ঘোষণা করল, অথচ তার প্রতিবাদে শ্রমিকেরা রাস্তায় নেমে পড়ল—এমন মজুরিকাঠামোর প্রয়োজন নেই। সামনে নির্বাচন। বিষয়টি মাথায় রেখে মজুরি নির্ধারণ করতে হবে।’
সংসদ সচিবালয় থেকে জানানো হয়, বৈঠকে হল-মার্ক ও রানা প্লাজার পোশাক কারখানার শ্রমিকদের বকেয়া পাওনা, বেতন-ভাতা দ্রুত পরিশোধের পরামর্শ দেওয়া হয়। এ ছাড়া রানা প্লাজার দুর্ঘটনায় নিহত শ্রমিক পরিবার ও আহত ব্যক্তিদের দ্রুত ক্ষতিপূরণ দেওয়ার সুপারিশ করা হয়।
বৈঠকে তৈরি পোশাক কারখানার দুর্ঘটনা রোধে এবং জিএসপিসুবিধা ফিরে পেতে দ্রুত ‘অ্যাডহক’ ভিত্তিতে আগামী ডিসেম্বরের মধ্যে কমপক্ষে ২০০ শ্রমিক পরিদর্শক নিয়োগের সুপারিশ করা হয়।
কমিটির সভাপতি ইসরাফিল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে আরও অংশ নেন ননী গোপাল মণ্ডল ও রওশন জাহান।