নির্বাচন মামলার শুনানি রোববার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় প্রেসক্লাবের নির্বাচন ও কার্যকরী কমিটির ক্ষমতা হস্তান্তর-সংক্রান্ত মামলার শুনানি আগামী রোববার নির্ধারণ করেছেন আদালত। গতকাল বৃহস্পতিবার ৬ থেকে ১৩ নম্বর বিবাদীপক্ষ লিখিত আপত্তি দাখিল এবং নিষেধাজ্ঞা আদেশ বর্ধিত করার জন্য পৃথক আবেদন করেছেন। উভয় পক্ষের শুনানি শেষে আদেশ পরে দেওয়ার কথা জানানো হয়। ঢাকার চতুর্থ সহকারী জজ শেখ মুজাহিদুল ইসলাম এ আদেশ দেন।গত বুধবার প্রেসক্লাবের নির্বাচনকে অবৈধ ঘোষণা ও নবনির্বাচিত কার্যকরী কমিটির কাছে ক্ষমতা হস্তান্তর করার ওপর নিষেধাজ্ঞা চেয়ে ঢাকার চতুর্থ সহকারী জজ আদালতে মামলা হয়েছে। নির্বাচনে সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতাকারী গোলাম সারওয়ার এবং সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতাকারী সাইফুল আলম ১৩ জনকে বিবাদী করে এই মামলা করেন। জাতীয় প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক কামালউদ্দিন সবুজ ও সাবেক কোষাধ্যক্ষ সৈয়দ আবদাল আহমেদকে কেন এই নিষেধাজ্ঞা দেওয়া হবে না, তা জানতে চেয়ে নোটিশ দেওয়া হয়।মামলার আর্জিতে বলা হয়, নির্বাচন উপলক্ষে যে ভোটার তালিকা প্রকাশ করা হয়, তাঁদের অনেকেই বেঁচে নেই। অনেকেই আছেন, যাঁরা সাংবাদিক নন। ভোটার তালিকায় কেউ কেউ আছেন রাজনৈতিক দলের সক্রিয় সদস্য এবং কেউ কেউ মানবতাবিরোধী অপরাধের সঙ্গে জড়িত থাকার অভিযোগে কারাগারে রয়েছেন। এসব বিবেচনায় গত ৩১ ডিসেম্বর অনুষ্ঠিত নির্বাচন প্রশ্নবিদ্ধ হয়েছে বলে আবেদনে উল্লেখ করা হয়।বিবাদীপক্ষের আইনজীবীরা গতকাল এসব অভিযোগ সঠিক নয় বলে উল্লেখ করেন। বাদীপক্ষে শুনানিতে অংশ নেন আইনজীবী মো. শাহবুদ্দিন, প্রাণ নাথ এবং বিবাদীপক্ষে ছিলেন আইনজীবী সানাউল্লাহ মিয়া, মাসুদ আহমেদ তালুকদার প্রমুখ।