নির্বাচন শান্তিপূর্ণ ভোটের হার কম
বিগত জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রামের হাটহাজারীর ভোটারদের ভোট দেওয়ার প্রয়োজন হয়নি। জাতীয় পার্টির আনিসুল ইসলাম মাহমুদ এখান থেকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।
ভোট না দিতে পারার ‘হতাশা’ ও ‘ক্ষোভ’ থেকে গতকাল বুধবার উপজেলা পরিষদ নির্বাচনে ভোটারের ঢল নামবে—এমন আশা ছিল অনেকের। কিন্তু শেষ পর্যন্ত ভোটার উপস্থিতি আশানুরূপ হয়নি।
ভোটার উপস্থিতি কম হওয়ায় হতাশ প্রার্থীরা। নির্বাচনে আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, ইসলামী ঐক্যজোটসহ বিভিন্ন দল-সমর্থিত প্রার্থী থাকার পরও কেন ভোটার উপস্থিতি কম, তার কারণ খুঁজছেন প্রার্থীরা।
এই প্রতিবেদন লেখার সময় হাটহাজারী উপজেলা পরিষদ নির্বাচনে ১০৬টি কেন্দ্রের মধ্যে ২০টির ফল ঘোষণা করা হয়। এই ২০টি কেন্দ্রে ভোটার উপস্থিতি ২৭ শতাংশ বলে জানা গেছে।
বিভিন্ন কেন্দ্র ঘুরে কোথাও ভোটারের তেমন কোনো লাইন দেখা যায়নি। সকাল ১০টায় ফতেয়াবাদ বহুমুখী আদর্শ উচ্চবিদ্যালয় কেন্দ্রে ১০০ ভোটও পড়েনি। কেন্দ্রটির প্রিসাইডিং কর্মকর্তা এস এম আবু তাহের ছিদ্দিকী বলেন, ‘উপস্থিতি অনেক কম। সেটা কেন বুঝতে পারছি না।’
অন্যদিকে হাটহাজারীর পার্বতী মডেল উচ্চবিদ্যালয় ভোটকেন্দ্রে বেলা দুইটা পর্যন্ত ভোট পড়ে প্রায় ৬০০। এই কেন্দ্রে বেলা তিনটার দিকে দেখা হয় ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী ইসলামী ঐক্যজোট-সমর্থিত নাছির উদ্দিন মুনীরের সঙ্গে। তিনি ভোটার উপস্থিতি নিয়ে হতাশা ব্যক্ত করে বলেন, ‘সব দল অংশ নিয়েছে। কিন্তু ভোটার এল না কেন, বুঝতে পারছি না। জাতীয় নির্বাচন নিয়েও ভোটারদের মধ্যে একটা হতাশা কাজ করেছে বলে মনে হচ্ছে।’
ভোটার উপস্থিতি সম্পর্কে হতাশা ব্যক্ত করে আওয়ামী লীগের চেয়ারম্যান পদপ্রার্থী মো. ইসমাইল বলেন, ‘আমরা অনেক প্রচারণা চালিয়েছি। কিন্তু ভোটার এল না কেন, বুঝতে পারছি না।’
নাসিরুল আলম নামের একজন ভোটার বলেন, ‘এক দিনে সব উপজেলায় নির্বাচন হলে ভোটার হয়তো আরও বাড়ত। এখন অনেকের মধ্যে কোনো আগ্রহ নেই।’
সহকারী রিটার্নিং কর্মকর্তা ইশরাত জাহান বলেন, ‘ভোটার উপস্থিতি কম। তবে নির্বাচন শান্তিপূর্ণভাবে শেষ হয়েছে। কোথাও কোনো ধরনের গোলযোগ হয়নি।’