নির্বাচন শেষেও প্রার্থীদের পোস্টার অপসারিত হয়নি
সিলেট সিটি করপোরেশন নির্বাচন শেষ হওয়ার ১০ দিন পেরিয়ে গেলেও প্রার্থীদের টানানো পোস্টার অপসারণ করা হয়নি। সামান্য বাতাসে কোথাও কোথাও রশিসহ পোস্টার ছিঁড়ে রাস্তায় পড়ছে। ফলে নগরের রাস্তাগুলোতে একধরনের অপরিচ্ছন্নতা তৈরি হয়েছে।নির্বাচন কমিশনের সিলেট আঞ্চলিক কার্যালয় সূত্রে জানা গেছে, সিটি করপোরেশন নির্বাচনে তিনজন মেয়র পদপ্রার্থীর পাশাপাশি ২৭টি ওয়ার্ডে ১৩৪ জন সাধারণ কাউন্সিলর এবং ৩৫ জন নারী কাউন্সিলর পদে অংশ নিয়েছেন। নির্বাচনে অংশগ্রহণকারী প্রত্যেক কাউন্সিলর প্রার্থী প্রচারণায় পোস্টার ব্যবহার করেছেন।বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) সিলেটের সাধারণ সম্পাদক আবদুল করিম জানান, বৃষ্টির মৌসুম হওয়ায় প্রার্থীরা পলিথিন দিয়ে পোস্টার মুড়িয়ে রাস্তার দুই পাশে রশি দিয়ে টানিয়েছেন। এখন সামান্য বৃষ্টিতে এসব পলিথিনে পানি জমে পোস্টারসহ রাস্তায় পড়ছে। ফলে নগরজুড়ে অপরিচ্ছন্ন পরিবেশের সৃষ্টি হয়েছে। পাশাপাশি পলিথিনের কারণে স্বাস্থ্যঝুঁকিও বাড়ছে। নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে পোস্টার মোড়াতে সাত থেকে আট লাখ পলিথিন ব্যাগ ব্যবহূত হয়েছে বলে তিনি জানিয়েছেন।সিটি নির্বাচনে সহকারী রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব পালনকারী জেলা নির্বাচন কর্মকর্তা রাশেদুল ইসলাম বলেন, ‘পোস্টার অপসারণের দায়িত্ব সিটি করপোরেশন কর্তৃপক্ষের।’ সিটি করপোরেশনের ভারপ্রাপ্ত প্রধান প্রকৌশলী নূর আজিজুর রহমান জানান, পোস্টার অপসারণ করতে সিটি করপোরেশনের পরিচ্ছন্নতাকর্মীদের নির্দেশ দেওয়া হয়েছে। ইতিমধ্যে অনেক এলাকায় পোস্টার অপসারণের কাজ শুরুও হয়েছে।