নির্বাচন সংবিধান অনুযায়ী এবং নিরপেক্ষ হবে - ওয়ার্সিকে হাসিনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আগামী জাতীয় সংসদ নির্বাচন নিয়ে নিজের অবস্থান আবারও পরিষ্কার করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ বৃহস্পতিবার সকালে সফররত যুক্তরাজ্যের পররাষ্ট্র ও কমনওয়েলথবিষয়ক জ্যেষ্ঠ প্রতিমন্ত্রী ব্যারোনেস সাঈদা ওয়ার্সি প্রধানমন্ত্রীর কার্যালয়ে দেখা করতে গেলে প্রধানমন্ত্রী বলেন, ‘আগামী নির্বাচন অবাধ, নিরপেক্ষ ও সবার কাছে গ্রহণযোগ্য এবং দেশের সংবিধান অনুযায়ী হবে।’

বৈঠক শেষে প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবুল কালাম আজাদ সাংবাদিকদের এসব কথা বলেন। প্রধানমন্ত্রী তাঁর সরকারের আমলে অনুষ্ঠিত নির্বাচনগুলোর কথা তুলে ধরে বলেন, এসব নির্বাচন অবাধ, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য হয়েছে। অনেক জায়গায়ই বিরোধী দলের প্রার্থীরা বিজয়ী হয়েছেন।

এ সময় দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়েও আলোচনা হয়েছে। দুই দেশের সম্পর্ক ভবিষ্যতে আরও জোরদার হবে বলেও আশা প্রকাশ করেন প্রধানমন্ত্রী।

ব্রিটিশ প্রতিমন্ত্রী এক দিনের সফরে আজ সকালে ঢাকা আসেন। ঢাকা এসেই তিনি দেখা করেন প্রধানমন্ত্রীর সঙ্গে। দুপুরে তিনি বৈঠক করেন প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিব উদ্দীন আহমেদের সঙ্গে। বেলা তিনটায় পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলীর সঙ্গেও মন্ত্রণালয়ে বৈঠক করার কথা রয়েছে ওয়ার্সির। এ ছাড়া বিএনপির চেয়ারপারসন ও বিরোধীদলীয় নেতা খালেদা জিয়ার সঙ্গে বিকেল চারটায় বৈঠক করবেন তিনি। চেয়ারপারসনের গুলশানের বাসায় এ বৈঠক হবে।

সবশেষে বিকেল পাঁচটায় তিনি সাংবাদিকদের সঙ্গে তাঁর সফর নিয়ে সংবাদ সম্মেলনে বক্তব্য দেবেন। আজ রাতেই তাঁর দেশে ফেরার কথা।