নির্বাচন সফল, বিএনপির বর্জন অনাকাঙ্ক্ষিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জাতীয় প্রেসক্লাবে গতকাল সংবাদ সম্মেলনে বক্তব্য দেন সহস্র নাগরিক কমিটির আহ্বায়ক লেখক সৈয়দ শামসুল হক। এ সময় উপস্থিত ছিলেন (বাঁয়ে) সংগঠনটির সদস্যসচিব গোলাম কুদ্দুছ ও সদস্য সাংবাদিক মনজুরুল আহসান বুলবুল l ছবি: প্রথম আলো
জাতীয় প্রেসক্লাবে গতকাল সংবাদ সম্মেলনে বক্তব্য দেন সহস্র নাগরিক কমিটির আহ্বায়ক লেখক সৈয়দ শামসুল হক। এ সময় উপস্থিত ছিলেন (বাঁয়ে) সংগঠনটির সদস্যসচিব গোলাম কুদ্দুছ ও সদস্য সাংবাদিক মনজুরুল আহসান বুলবুল l ছবি: প্রথম আলো

সিটি করপোরেশন নির্বাচন অনেক বেশি উৎসবমুখর ছিল বলে দাবি করেছে সহস্র নাগরিক কমিটি। এই কমিটির মতে, সামগ্রিকভাবে এ নির্বাচন সফল হয়েছে। বিএনপির নির্বাচন বর্জন অনাকাঙ্ক্ষিত।
জাতীয় প্রেসক্লাবে গতকাল বৃহস্পতিবার বিকেলে আয়োজিত সংবাদ সম্মেলনে সহস্র নাগরিক কমিটি সিটি নির্বাচন নিয়ে তাঁদের মতামত তুলে ধরে। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন কমিটির সদস্যসচিব গোলাম কুদ্দুছ।
গত মঙ্গলবার ঢাকা উত্তর ও দক্ষিণ এবং চট্টগ্রাম সিটি করপোরেশনের নির্বাচন অনুষ্ঠিত হয়। ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের নির্বাচনে সহস্র নাগরিক কমিটি আওয়ামী লীগ-সমর্থিত দুই মেয়র পদপ্রার্থীর পক্ষে কাজ করে।
সংবাদ সম্মেলনে সহস্র নাগরিক কমিটির আহ্বায়ক সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হক বলেন, ‘নির্বাচন বর্জন করে বিএনপি দায়িত্বশীল ও রাজনৈতিক দূরদর্শিতার পরিচয় দিতে পারেনি। আমরা চাই না, কোনো রাজনৈতিক দল বিলুপ্ত হোক কিংবা হারিয়ে যাক। এখন বিএনপি চিন্তা করুক।’ তিনি বলেন, ‘আমরা যেসব কেন্দ্রে গিয়েছি, সেখানে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন দেখেছি। কিন্তু বিএনপি নির্বাচন বর্জনের পর কয়েকটি বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে। এ জন্য নির্বাচন খারাপ হওয়ার জন্য বিএনপিই দায়ী।’
সৈয়দ শামসুল হক জানান, সিটি করপোরেশন নির্বাচন শেষ হলেও তাঁদের সংগঠনের কার্যক্রম শেষ হবে না। ভবিষ্যতে নাগরিক ও সিটি করপোরেশনের সেতু হিসেবে কাজ করবে তাঁদের সংগঠন। জনগণকে মেয়রদের দেওয়া প্রতিশ্রুতিও তাঁরা তদারক করবেন।
লিখিত বক্তব্যে গোলাম কুদ্দুছ বলেন, ‘কতিপয় প্রতিদ্বন্দ্বী কাউন্সিলরের সমর্থকেরা কোনো কোনো কেন্দ্রে সংঘর্ষে জড়িয়ে পড়ে, ব্যালট পেপার ছিনিয়ে নেয়। কিন্তু প্রতিদ্বন্দ্বী মেয়র সমর্থকদের মধ্যে এ ধরনের কোনো সংঘর্ষের ঘটনা ঘটেনি। ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের ১৯৮২টি ভোটকেন্দ্রের মধ্যে সর্বাধিক ২০টি কেন্দ্রে এ ধরনের অনভিপ্রেত অনিয়মের ঘটনা ঘটে থাকতে পারে। আমরা এ কেন্দ্রগুলোর বিষয়ে তদন্তপূর্বক যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণের জন্য নির্বাচন কমিশনের কাছে দাবি জানাই।’
সংবাদ সম্মেলনে ঢাকা উত্তর সিটি করপোরেশনের নবনির্বাচিত মেয়র আনিসুল হক, দক্ষিণের মেয়র সাঈদ খোকন ও চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দিনকে অভিনন্দন জানানো হয়। কমিটি আশা প্রকাশ করে, নবনির্বাচিত এই তিন মেয়র নাগরিকবান্ধব হবেন।
সহস্র নাগরিক কমিটির সদস্য সাংবাদিক মনজুরুল আহসান বুলবুল নির্বাচনের দিন সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় নিন্দা প্রকাশ করেন।
সংবাদ সম্মেলনে আরও বক্তব্য দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক নাজমা শাহীন, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য কামরুল হাসান খান প্রমুখ।