নির্বাচন সর্বদলীয় সরকারের অধীনেই হবে: জয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সজীব ওয়াজেদ জয় ও রেদওয়ান সিদ্দিক ববিকে গতকাল মাওয়া ঘাটে ফুলেল শুভেচ্ছা জানান সংসদ সদস্য সাগুফতা ইয়াসমিন এমিলি ষ ছবি: প্রথম আলো
সজীব ওয়াজেদ জয় ও রেদওয়ান সিদ্দিক ববিকে গতকাল মাওয়া ঘাটে ফুলেল শুভেচ্ছা জানান সংসদ সদস্য সাগুফতা ইয়াসমিন এমিলি ষ ছবি: প্রথম আলো

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় বলেছেন, আগামী সংসদ নির্বাচন সর্বদলীয় অন্তর্বর্তীকালীন সরকারের অধীনেই হবে। কেননা জাতি আর কোনো অনির্বাচিত সরকার দেখতে চায় না।
দক্ষিণাঞ্চলে নির্বাচনী প্রচারণা শুরু করতে গতকাল শুক্রবার সড়কপথে গোলাপগঞ্জের টুঙ্গিপাড়ায় যান জয়। এ সময় কেরানীগঞ্জ, মুন্সিগঞ্জ, ফরিদপুর ও মাদারীপুরের বিভিন্ন স্থানে পথসভায় বক্তব্য দেন তিনি।
বিরোধী দলের সমালোচনা করে ফরিদপুরের ভাঙ্গায় পথসভায় জয় বলেন, ‘তারা নির্বাচনকালীন সরকার নিয়ে আলোচনা করতে চেয়েছিল। খালেদা জিয়া ৪৮ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছিলেন। ২৪ ঘণ্টার মধ্যে আমার মা বেগম জিয়াকে ফোন করেছিলেন, উনাকে দাওয়াত দিয়েছিলেন। উনি (খালেদা জিয়া) নিজের কথাই রাখলেন না। উনি ফোনালাপে প্রধানমন্ত্রীর সঙ্গে যে আচরণ করলেন এটা কোনো রাজনৈতিক নেত্রীর কথা হয় না।’

এর আগে মুন্সিগঞ্জের মাওয়া ঘাটে পথসভায় জয় বলেন, ‘আমরা সর্বদলীয় অন্তর্বর্তীকালীন সরকার গঠনের প্রস্তাব করেছি। সেখানে সব দলের নির্বাচিত প্রতিনিধিদের অংশগ্রহণ থাকবে। কিন্তু বিরোধী দল চাইছে, অনির্বাচিত ব্যক্তিদের দিয়ে সরকার গঠন করতে।’ তিনি বলেন, ‘যেই অনির্বাচিত সরকার তিন মাসের কথা বলে দুই বছর থেকে গিয়েছিল। যেই সরকার আমার মাকে অন্যায়ভাবে ১১ মাস কারাগারে রেখেছিল। সেই অনির্বাচিত সরকার  আমরা আর চাই না।’

খালেদা জিয়ার সমালোচনা করে জয় বলেন, বিরোধীদলীয় নেতা ওয়াদা করেছেন, আগামীতে তাঁরা ক্ষমতায় এলে যুদ্ধাপরাধীদের মুক্ত করে দেবেন। যুদ্ধাপরাধী সেই জামায়াতের নেতারা মন্ত্রী হবেন।

জয় নেতা-কর্মীদের উদ্দেশে বলেন, ‘আপনারা টেলিভিশনে দেখেন, বিরোধীদলীয় নেত্রী আমার মায়ের সঙ্গে কী খারাপ আচরণ করেছেন। তিনি টেলিফোনে আমাকে বলেছেন, আমার মা নাকি ২১ আগস্ট গ্রেনেড হামলার সঙ্গে জড়িত?’ তিনি বলেন, বিএনপি বলেছে এখন পর্যন্ত ২১ জন মারা গেছে। আগামীতে ৪০ জন মারা যাবে। এটাই কী গণতান্ত্রিক দলের লক্ষণ? এটা সন্ত্রাসী দলের লক্ষণ।

শিবচরের পাচ্চর বাসস্ট্যান্ডের পথসভায় জয় বলেন, ‘আমরা দেশে অনেক উন্নয়নকাজ করেছি। এবারও যদি নৌকায় ভোট দেন, তাহলে আমরা ঘরে ঘরে বিদ্যুৎ দেব। প্রতিটি জেলায় বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা হবে। পদ্মা সেতুর কাজ সম্পূর্ণ করব।’

সন্ধ্যায় টুঙ্গিপাড়ায় পৌঁছে বঙ্গবন্ধু সমাধিসৌধ কমপ্লেক্সের উন্মুক্ত নাট্যমঞ্চে এক সুধী সমাবেশে জয় বলেন, আমাদের যে ভিশন ২০২১ সেটা অর্ধেক পথ এসেছি। আরও অর্ধেক পথ বাকি। আমার বিশ্বাস, বাংলার মানুষ নৌকায় ভোট দিয়ে সেই সুযোগ দেবে।

জয় আজ খুলনায় বেলা দুইটায় সার্কিট হাউসে মহানগর ও জেলা আওয়ামী লীগ নেতাদের সঙ্গে মতবিনিময় করবেন। এ ছাড়া নগরের একটি হোটেলে আইটিবিষয়ক সেমিনারে অংশ নেবেন তিনি।

জয়ের সফরসঙ্গী হিসেবে রয়েছেন শেখ রেহানার ছেলে রেদওয়ান সিদ্দিক ববি, সাংসদ শেখ হেলাল উদ্দিন, প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী আবদুস সোবহান গোলাপ, এনামুল হক, মাহমুদুল হাসান, মাকসুদুল হায়দার চৌধুরী, এস এম কামাল হোসেন, গোলাম সারোয়ার কবির, মোল্লা মো. আবু কাওসার, পঙ্কজ দেবনাথ, বদিউজ্জামান সোহাগ প্রমুখ।

প্রতিবেদন তৈরিতে সহায়তা করেছেন প্রথম আলোর ফরিদপুর ও খুলনা অফিস, মুন্সিগঞ্জ, গোপালগঞ্জ, বাগেরহাট, কেরানীগঞ্জ (ঢাকা) ও শিবচর (মাদারীপুর) প্রতিনিধি।