নির্বাচন সর্বদলীয় সরকারের অধীনেই হবে: জয়

আগামী জাতীয় সংসদ নির্বাচন সর্বদলীয় অন্তর্বর্তী সরকারের অধীনেই হবে বলে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রীর ছেলে সজীব ওয়াজেদ জয়। আজ শুক্রবার গোপালগঞ্জে যাওয়ার পথে মুন্সিগঞ্জের মাওয়ায় এক পথসভায় জয় এসব কথা বলেন।
জয় বলেন, ‘আগামী নির্বাচন সুষ্ঠুভাবে হবে। আমার বিশ্বাস, আগামী নির্বাচনে আওয়ামী লীগ আবার বিজয়ী হবে।’
আগামীতে আওয়ামী লীগকে ভোট দেওয়ার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রীর ছেলে বলেন, ‘বেগম খালেদা জিয়া ওয়াদা করেছেন সাজাপ্রাপ্ত যুদ্ধাপরাধীদের তিনি মুক্ত করে দেবেন। তাঁরা আবারও মন্ত্রী হবেন। নিউজ থাকবে, আবারও সেই গ্রামে মঙ্গা। ফিরে আসবে আবারও সেই হাওয়া ভবন। যেখানে বাংলাদেশ দুর্নীতিতে বিশ্বের সামনে চ্যাম্পিয়ন হয়েছিল, এক নম্বর পজিশনে ছিল পাঁচ বছর—বিএনপি ও জামায়াত সরকারের পাঁচ বছর। আজকে আমরা নেমে এসেছি চল্লিশতমতে।’
বিরোধী দলের হরতাল প্রসঙ্গে জয় বলেন, ‘প্রধানমন্ত্রী তাঁকে (খালেদা জিয়া) ব্যক্তিগতভাবে ফোন করেছিলেন, তার পরও তিনি ওনার নিজের কথা রাখলেন না। সেই ৪৮ ঘণ্টার সময় তিনি মানলেন না, তার পরও তিনি হরতাল ডাকলেন। তবে হরতাল তো হয়নি, সন্ত্রাস হয়েছে। বোমা হামলা, ককটেল বিস্ফোরণ। আমাদের আইনমন্ত্রীর বাসায় হামলা, আইসিটির প্রসিকিউটরের বাসায় হামলা, আমাদের আরও মন্ত্রীদের বাসায় হামলার পরিকল্পনা ছিল, যেটা আমরা ধরতে সক্ষম হয়েছি। নিরীহ মানুষের ওপর ককটেল হামলা এবং নির্যাতন—এটার কী প্রয়োজন ছিল।’
এর আগে মুন্সিগঞ্জের সিরাজদিখানের নিমতলী ও শ্রীনগরের ছনবাড়ি এলাকায় দুটি পথসভায় বক্তব্য দেন জয়।