নির্বাচন সাংবিধানিক প্রক্রিয়ার অংশ: ভারত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশের দশম জাতীয় সংসদ নির্বাচনের এক দিন পর গতকাল সোমবার যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ভারত, কানাডা ও কমনওয়েলথ নির্বাচনে সহিংসতা ও ভোটার উপস্থিতি কম হওয়ায় উদ্বেগ প্রকাশ এবং ভবিষ্যতে একটি গ্রহণযোগ্য নির্বাচনে রাজনৈতিক দলগুলোর প্রতি সমঝোতার তাগিদ দিয়েছে।
যুক্তরাষ্ট্রের হতাশা: যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের উপমুখপাত্র মেরি হাফ গতকাল এক বিবৃতিতে হতাশা ব্যক্ত করে বলেন, অর্ধেকেরও বেশি আসনে প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন এবং বাকিগুলোর মধ্যে অধিকাংশ আসনেই নামেমাত্র প্রতিদ্বন্দ্বিতা হয়েছে। ফলে এই সদ্য সমাপ্ত নির্বাচনের ফলাফল বাংলাদেশি জনগণের আকাঙ্ক্ষার বিশ্বাসযোগ্য প্রতিফলন নয়।
বিবৃতিতে হাফ বলেন, নতুন সরকারের রূপ কী হবে, সেটা ভবিষ্যতেই জানা যাবে, কিন্তু বাংলাদেশের মানুষের প্রতি যুক্তরাষ্ট্রের সহায়তার অঙ্গীকার অটুট থাকবে। এই সুবাদে আমরা বাংলাদেশ সরকার ও বিরোধী দলকে অবিলম্বে সংলাপে বসার জন্য উৎসাহিত করছি, যাতে তারা যত শিগগির সম্ভব, একটি নতুন নির্বাচন অনুষ্ঠানের পথ খুঁজে বের করবে। আর সেটি অবাধ, নিরপেক্ষ, শান্তিপূর্ণ ও বিশ্বাসযোগ্য হওয়ার মাধ্যমে বাংলাদেশের মানুষের আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাবে।
ভারত বলল সাংবিধানিক প্রক্রিয়ার অংশ: নয়াদিল্লি প্রতিনিধি জানান, গতকাল ভারত এক প্রতিক্রিয়ায় বলেছে, সাংবিধানিক বাধ্যবাধকতার কারণেই বাংলাদেশে ৫ জানুয়ারির নির্বাচন ছিল আবশ্যক। এই নির্বাচন বাংলাদেশের অভ্যন্তরীণ ও সাংবিধানিক প্রক্রিয়ারই অংশ। দেশটি আরও বলেছে, বাংলাদেশের গণতান্ত্রিক প্রক্রিয়াকে তার নিজস্ব গতিতেই চলতে দেওয়া উচিত।
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সৈয়দ আকবরউদ্দিন গতকাল নয়াদিল্লিতে বাংলাদেশের নির্বাচনসংক্রান্ত এক প্রশ্নের উত্তরে সাংবাদিকদের বলেন, ‘বাংলাদেশের ভবিষ্যৎ কেমন হবে, অথবা জনপ্রতিনিধিরা কেমন হবেন, তা নির্ধারণের পূর্ণ অধিকার সে দেশের জনগণেরই।’ কিন্তু এর পাশাপাশি সহিংসতার উল্লেখ করে তিনি বলেন, ‘ভবিষ্যৎ নির্ধারণ কখনো সহিংসভাবে হতে পারে না, হওয়া উচিতও নয়।’
বাংলাদেশের রক্তাক্ত নির্বাচনপর্ব শেষ হওয়ার পরদিনই এ মন্তব্যের মধ্য দিয়ে ভারত বুঝিয়ে দিল, নির্বাচন ঘিরে আন্তর্জাতিক স্তরে যে বিতর্ক রয়েছে, তাতে বাংলাদেশের ক্ষমতাসীন দলের সরকারের পাশেই ভারতের অবস্থান।
হতাশাজনক বলল যুক্তরাজ্য: বিশেষ প্রতিনিধি, লন্ডন জানান, ব্রিটিশ সরকারের পররাষ্ট্র দপ্তরের সিনিয়র প্রতিমন্ত্রী ব্যারোনেস সাইদা ওয়ার্সি গতকাল এক বিবৃতিতে বলেন, বাংলাদেশে অর্ধেকের বেশি নির্বাচনী এলাকায় ভোটাররা ভোটদানের সুযোগবঞ্চিত হওয়া এবং অবশিষ্ট এলাকাগুলোতে ভোটারদের অংশগ্রহণ কম হওয়ার বিষয়টি হতাশাজনক। তিনি ভবিষ্যতে একটি অংশগ্রহণমূলক নির্বাচনের জন্য অগ্রাধিকার ভিত্তিতে একসঙ্গে কাজ করতে বাংলাদেশের সব রাজনৈতিক দলের প্রতি আহ্বান জানান।
বাংলাদেশের সংবিধান অনুযায়ী, আহূত নির্বাচন এবং নির্বাচনের ফলাফল ঘোষণার বিষয়টি যুক্তরাজ্য জেনেছে উল্লেখ করে বিবৃতিতে বলা হয়, আন্তর্জাতিক সম্প্রদায়ের অন্যদের মতোই যুক্তরাজ্য বিশ্বাস করে, পরিণত ও কার্যকর গণতন্ত্রের প্রকৃত স্মারক হচ্ছে শান্তিপূর্ণ, বিশ্বাসযোগ্য নির্বাচন; যাতে ভোটারদের প্রকৃত ইচ্ছার প্রতিফলন ঘটে। বাংলাদেশ যুক্তরাজ্যের একটি গুরুত্বপূর্ণ সহযোগী উল্লেখ করে ওয়ার্সি বলেন, ‘আরও স্থিতিশীল, সমৃদ্ধ ও গণতান্ত্রিক ভবিষ্যতের জন্য দেশটির জনগণের আকাঙ্ক্ষার প্রতি আমাদের সমর্থন রয়েছে।’
কানাডার উদ্বেগ: নির্বাচনের ফলাফলে গভীর হতাশা ও উদ্বেগ প্রকাশ করে কানাডার পররাষ্ট্রমন্ত্রী জন বেয়ার্ড গতকাল এক বিবৃতিতে বলেন, ৫ জানুয়ারি অনুষ্ঠিত নির্বাচনকে পূর্ণ অংশগ্রহণমূলক করতে বাংলাদেশের প্রধান রাজনৈতিক দলগুলোর ব্যর্থতায় যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে অসন্তোষ প্রকাশ করেছে কানাডা। বলা হয়, এটা খুবই হতাশাজনক যে, বাংলাদেশের অর্ধেকের বেশি সংসদীয় আসনে প্রতিদ্বন্দ্বিতা হয়নি। বিনা ভোটেই প্রার্থীরা নির্বাচিত হয়েছেন। তিনি আরও বলেন, রাজনৈতিক কৌশল হিসেবে সহিংসতা অগ্রহণযোগ্য।
নিরাশ কমনওয়েলথ: বাংলাদেশের নির্বাচনে সীমিত আকারের অংশগ্রহণ এবং ভোটার উপস্থিতি কম হওয়াকে নৈরাশ্যজনক বলেছে কমনওয়েলথ। একই সঙ্গে দ্রুততার সঙ্গে একটি অংশগ্রহণমূলক ও শান্তিপূর্ণ রাজনৈতিক প্রক্রিয়ায় সামনে এগোতে সংলাপের প্রয়োজনীয়তার কথা উল্লেখ করেছে সংস্থাটি।
কমনওয়েলথ মহাসচিব কমলেশ শর্মা গতকাল এক বিবৃতিতে বলেন, ৫ জানুয়ারি অনুষ্ঠিত সংসদীয় নির্বাচন-সম্পর্কিত পরিস্থিতি কমনওয়েলথ অত্যন্ত নিবিড়ভাবে পর্যবেক্ষণ করে আসছে। কোনো ধরনের রাজনৈতিক পরিস্থিতিতেই সহিংসতা গ্রহণযোগ্য নয়।
বিবৃতিতে আরও বলা হয়, কমনওয়েলথ সনদ অনুযায়ী, অবাধ ও সুষ্ঠু নির্বাচনে প্রত্যেক ব্যক্তির অংশগ্রহণের অধিকারসহ গণতান্ত্রিক সংস্কৃতি সমুন্নত রাখার বিষয়টিতে সরকার, বিভিন্ন রাজনৈতিক দল ও সুশীল সমাজের দায়িত্ব রয়েছে। সে কারণেই দ্রুত অংশগ্রহণমূলক ও শান্তিপূর্ণ রাজনৈতিক প্রক্রিয়ায় সামনে এগোতে সংলাপের ধারায় অগ্রসর হওয়া বাংলাদেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ।