নির্বাচন সামনে রেখে বিভিন্ন গোষ্ঠীকে খুশি করার চেষ্টা!

নির্বাচন সামনে রেখে শেষ সময়ে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের সন্তুষ্ট রাখতে বিভিন্ন সুযোগ-সুবিধা দিচ্ছে সরকার। প্রশাসন, পুলিশ, তিন বাহিনী, শিক্ষকসহ বিভিন্ন স্তরে বেতন ও পদমর্যাদা বৃদ্ধি, পদোন্নতিসহ একগুচ্ছ উদ্যোগ দেড় বছর ধরে বাস্তবায়ন করা হচ্ছে। প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, শিক্ষকেরা নির্বাচনী কাজে সরাসরি যুক্ত থাকেন।নাম প্রকাশে অনিচ্ছুক জনপ্রশাসনের কয়েকজন কর্মকর্তা প্রথম আলোকে বলেন, সংবিধানের সর্বশেষ সংশোধনীর আলোকে দলীয় সরকারের অধীনে নির্বাচন হলে প্রধান বিরোধী দল বিএনপি শরিকদের নিয়ে হয়তো কঠোর আন্দোলনে যাবে। জনপ্রশাসন ও পুলিশ প্রশাসন সরকারের পক্ষে না থাকলে এ ধরনের পরিস্থিতি মোকাবিলা করা কঠিন হবে। কর্মকর্তা-কর্মচারীরা খুশি থাকলে সরকারের পক্ষে সিদ্ধান্ত নেওয়া সহজ হয়। হয়তো এসব কারণেই সব পক্ষকে খুশি রাখতে চাচ্ছে সরকার।জানতে চাইলে সাবেক মন্ত্রিপরিষদ সাবেক সচিব আলী ইমাম মজুমদার প্রথম আলোকে বলেন, ‘শুধু নির্বাচন মাথায় রেখে এসব করতে গেলে সুফল পাওয়া যাবে বলে মনে হয় না। তবে প্রশাসনিক কারণে কিছু করা হলে সেটা ভালো।’সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য সর্বশেষ ২০০৯ সালে নবম জাতীয় বেতন স্কেল ঘোষণা করা হয়। কিন্তু এই কয়েক বছরে দ্রব্যমূল্যসহ জীবনযাত্রার ব্যয় বেড়ে যাওয়ায় সরকারি কর্মকর্তা-কর্মচারীদের পক্ষ থেকে নতুন বেতন স্কেলের দাবি ওঠে। এখন শেষ বেলায় প্রায় ১৩ লাখ কর্মকর্তা-কর্মচারীর বেতন-ভাতা সমন্বয়ে নির্বাচনের আগে স্থায়ী বেতন কমিশন গঠনের উদ্যোগ নিয়েছে সরকার। গত ২৮ আগস্ট এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ ঘোষণা দেন। এর পরই এ লক্ষ্যে কাজ শুরু করে অর্থ মন্ত্রণালয়। এর আগে ২০১১ সালে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের চাকরির মেয়াদ দুই বছর বাড়িয়ে অবসরের বয়স ৫৭ থেকে ৫৯ করা হয়। এ ছাড়া সরকারি ও স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদেরও অবসরের বয়সসীমা বাড়ানো হয়েছে।কমিশন বাজারের চাহিদার সঙ্গে মিল রেখে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য বেতন বাড়ানোর সুপারিশ করবে এবং সরকার সেই সুপারিশের আলোকে বেতন বাড়াবে। তবে কমিশন সুপারিশ তৈরির আগে কর্মকর্তা-কর্মচারীদের মহার্ঘ ভাতা দেওয়ার চিন্তাভাবনা আছে সরকারি মহলে। শিগগিরই এ বিষয়ে সিদ্ধান্ত হবে বলে প্রশাসন সূত্রে জানা গেছে।
প্রশাসনে পদোন্নতি: বর্তমান সরকারের আমলে জনপ্রশাসনসচিব পর্যন্ত বিভিন্ন স্তরে প্রায় দুই হাজার কর্মকর্তাকে পদোন্নতি দেওয়া হয়েছে। তবে এতে দলীয়করণ ও কিছু যোগ্য কর্মকর্তাকে বঞ্চিত করার অভিযোগ ওঠে। এখন শেষ সময়ে এসে এখানেও একধরনের ভারসাম্য আনার চেষ্টা করছে সরকার। গত ১৮ জুলাই দেওয়া পদোন্নতির ক্ষেত্রে আগের যেকোনো সময়ের চেয়ে নিরপেক্ষতা দেখানো হয়েছে বলে প্রশাসনের লোকজনই বলছেন।এ দফায় ৩২৬ জন উপসচিবকে যুগ্ম সচিব পদে পদোন্নতি দেওয়া হয়। এতে যোগ্য অধিকাংশ কর্মকর্তাই পদোন্নতি পেয়েছেন। এমনকি বিরোধীদলীয় নেত্রীর একান্ত সচিবও পদোন্নতি পেয়েছেন। এর পরও যাঁরা বঞ্চিত হয়েছেন বলে মনে করছেন, তাঁদের বিষয়টি পর্যালোচনা করা হচ্ছে। পর্যালোচনার ভিত্তিতে আরও বেশ কিছু কর্মকর্তাকে পদোন্নতি দেওয়া হচ্ছে। অতিরিক্ত সচিব পর্যায়েও আরও বেশ কিছু কর্মকর্তাকে পদোন্নতি দেওয়া হবে বলে জনপ্রশাসন সূত্রে জানা গেছে।
তবে সরকার যেসব কর্মকর্তাকে ‘হুমকি’ বলে মনে করছে, তাঁদের বাধ্যতামূলক অবসরে পাঠানো হচ্ছে। ইতিমধ্যে প্রশাসন ক্যাডারের দুই অতিরিক্ত সচিব, দুই যুগ্ম সচিব ও পররাষ্ট্র ক্যাডারের তিন কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে। এই তালিকায় আরও অন্তত ৩৫ জন কর্মকর্তা আছেন বলে সচিবালয়ে আলোচনা আছে।
এর আগে জনপ্রশাসনে আটজন সচিবকে জ্যেষ্ঠ সচিব করা হয়েছে। এখন প্রশাসন, পুলিশ, কৃষি, পররাষ্ট্র ও কর ক্যাডারের মতো বাকি ২৩টি ক্যাডার সার্ভিসেও জাতীয় বেতন স্কেলের গ্রেড-১ পদ সৃষ্টি করা হচ্ছে। প্রতিটি ক্যাডারে ন্যূনতম একটি করে এই পদ সৃষ্টি করা হবে। সাধারণভাবে ওই সব ক্যাডারের সংস্থাপ্রধানের পদটিই হবে গ্রেড-১ পদ।
এই পদ সৃষ্টি হলে এসব পদে থাকা কর্মকর্তারা সচিবদের সমান বেতন পাবেন। ইতিমধ্যে এ বিষয়ে নীতিগত সিদ্ধান্ত নিয়ে প্রস্তুতি শুরু করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। প্রতিটি ক্যাডারে ন্যূনতম একটি করে এ ধরনের পদ সৃষ্টি করার পরিকল্পনা থাকলেও সংখ্যানুপাতে কিছু ক্যাডারে তা বাড়ানোও হতে পারে বলে সূত্র আভাস দিয়েছে।
পুলিশ: সরকার পুলিশের পরিদর্শকের পদ দ্বিতীয় শ্রেণী থেকে প্রথম শ্রেণীতে আর উপপরিদর্শকের পদ তৃতীয় শ্রেণী থেকে দ্বিতীয় শ্রেণীতে উন্নীত করেছে। পুলিশের শীর্ষ পদ আইজি পদটি জ্যেষ্ঠ সচিব মর্যাদার করা হয়েছে। এ ছাড়া আরও তিনজন কর্মকর্তাকে সচিবের পদমর্যাদা দেওয়া হয়েছে।
সশস্ত্র বাহিনী: পুলিশের পাশাপাশি এখন সেনা, নৌ ও বিমানবাহিনীতে কর্মরত সাড়ে ২৩ হাজারেরও বেশি জুনিয়র কমিশন অফিসার (জেসিও) এবং সার্জেন্টের পদ উন্নীত করার উদ্যোগ নেওয়া হয়েছে। জেসিওদের দ্বিতীয় শ্রেণী থেকে প্রথম শ্রেণী আর সার্জেন্ট ও সমমানের পদ তৃতীয় শ্রেণী থেকে দ্বিতীয় শ্রেণীতে উন্নীত করার সিদ্ধান্ত নিয়েছে সরকার।
সশস্ত্র বাহিনীর সূত্র জানায়, সেনাবাহিনীর ওয়ারেন্ট অফিসার, সিনিয়র ওয়ারেন্ট অফিসার ও মাস্টার ওয়ারেন্ট অফিসারের পদ রয়েছে চার হাজার ৮৩২টি। বিমানবাহিনীতে এর সমমানের পদ রয়েছে এক হাজার ২০০ আর নৌবাহিনীতে আছে এক হাজার ৭০০টি। এসব পদ দ্বিতীয় শ্রেণী থেকে প্রথম শ্রেণীতে উন্নীত হচ্ছে।
তৃতীয় শ্রেণী থেকে দ্বিতীয় শ্রেণীতে উন্নীত হওয়া কর্মকর্তারা হলেন সেনাবাহিনীর সার্জেন্ট ও সমমানের কর্মকর্তা। সেনাবাহিনীতে সার্জেন্ট পদে কর্মকর্তা আছেন ১২ হাজার ৪৬৭ জন। নৌবাহিনীতে এর সমমানের পদে কর্মরত সদস্য আছেন দুই হাজার আর বিমানবাহিনীতে আছেন এক হাজার ৫০০ জন। পদ উন্নীত করার ফলে সরকারের অতিরিক্ত ব্যয় হবে ৬৬ কোটি ১৮ লাখ টাকা।
সূত্রমতে, গত ১৭ জুলাই প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ প্রস্তাব নীতিগতভাবে অনুমোদন করেছেন। তবে সরকারি সূত্রগুলো বলছে, পুলিশের পদমর্যাদা বাড়ানোর সঙ্গে মিল রেখে তিন বাহিনীর পদমর্যাদা বাড়ানো হচ্ছে।
শিক্ষক: সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের দ্বিতীয় শ্রেণীর গেজেটেড কর্মকর্তার মর্যাদা দেওয়া হয় গত বছরের মে মাসে। তবে এখন এসব শিক্ষকের নাম উল্লেখ করে গেজেট তৈরির কাজ চলছে। মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) সূত্রমতে, কয়েক দিনের মধ্যেই এ বিষয়ে গেজেট জারি করা হবে। এর মাধ্যমে ২১৭টি সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের প্রায় নয় হাজার শিক্ষক তৃতীয় শ্রেণী থেকে দ্বিতীয় শ্রেণীর মর্যাদা পাবেন।
মাউশির সূত্রমতে, শিগগিরই ২১২ জন সহকারী প্রধান শিক্ষক ও সমপর্যায়ের কর্মকর্তাদের পদোন্নতি দিয়ে প্রধান শিক্ষক করা হবে। নিয়ম অনুযায়ী, সহকারী প্রধান শিক্ষক বা সমপর্যায়ে চার বছর চাকরি পূর্ণ হওয়ার পর পদোন্নতি দেওয়ার কথা। কিন্তু সরকার দুই বছর প্রমার্জন করে এই পদোন্নতি দিতে যাচ্ছে।
মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকদের পদমর্যাদা বৃদ্ধির পর প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকেরাও মর্যাদা ও বেতন বাড়ানোর দাবি তোলেন। এর পরিপ্রেক্ষিতে সরকার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের পদ বিদ্যমান তৃতীয় শ্রেণী থেকে দ্বিতীয় শ্রেণী করার উদ্যোগ নিয়েছে। পাশাপাশি সহকারী শিক্ষকদের প্রধান শিক্ষকদের এক ধাপ নিচের স্কেলে বেতন দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব কাজী আখতার হোসেন প্রথম আলোকে বলেন, ‘আশা করছি, খুব তাড়াতাড়িই এটি হয়ে যাবে।’
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সূত্রমতে, বর্তমানে ৩৭ হাজার ৬৭২টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে একজন করে প্রধান শিক্ষক আছেন। তাঁদের বেতন স্কেল উন্নীত করা হলে ভাতাদিসহ টাকার প্রয়োজন হবে ১১৯ কোটি। এসব বিদ্যালয়ে সহকারী শিক্ষকদের মধ্যে প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষক আছেন এক লাখ ৬৭ হাজার ৬৭২ জন ও প্রশিক্ষণবিহীন শিক্ষক আছেন ২০ হাজার। তাঁদের বেতন স্কেল উন্নীত করা হলে খরচ বাড়বে ১৯৭ কোটি টাকা। অর্থাৎ, বছরে বাড়তি খরচ হবে ৩১৬ কোটি টাকা।
এর পাশাপাশি সরকারঘোষিত প্রায় ২৬ হাজার রেজিস্টার্ড প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের একইভাবে মর্যাদা ও সুযোগ-সুবিধা দিতে হবে। এতে আরও প্রায় ২০০ কোটি টাকা লাগবে।
সম্প্রতি সরকারি কলেজের প্রায় দেড় হাজার শিক্ষককেও পদোন্নতি দিয়েছে সরকার।
শিক্ষাপ্রতিষ্ঠান: গত জানুয়ারিতে প্রায় ২৬ হাজার বেসরকারি প্রাথমিক বিদ্যালয়কে জাতীয়করণের ঘোষণা দেওয়া হয়। এর মধ্যে নিবন্ধনভুক্ত ও এমপিও পাওয়া প্রায় ২৩ হাজার বিদ্যালয় অধিগ্রহণ করা হয়েছে। এখন এসব বিদ্যালয়ের ৯০ হাজারেরও বেশি শিক্ষককে জাতীয়করণের প্রক্রিয়া চলছে। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বশীল একজন কর্মকর্তা বলেন, এই কাজ করতে সেপ্টেম্বর ও অক্টোবর মাস লেগে যেতে পারে। অর্থাৎ, এর রেশ থাকবে নির্বাচন পর্যন্ত।
নির্বাচনের সময় প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের বড় ভূমিকা থাকে। তাঁরা সহকারী পোলিং কর্মকর্তা হিসেবে কাজ করেন।
জানতে চাইলে মন্ত্রিপরিষদের সাবেক সচিব ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য এম কে আনোয়ার প্রথম আলোকে বলেন, বর্তমান সরকার বিশ্বাস করে, তাদের কর্মকাণ্ডের কারণে নির্বাচনে জনগণের সমর্থন পাওয়ার সম্ভাবনা নেই। এ জন্য তারা গোটা প্রশাসনযন্ত্রকে কাজে লাগিয়ে নির্বাচনের নামে প্রহসন করতে চাইছে। তাই তারা এসব করছে।
সারের দাম: দেশের বিপুলসংখ্যক কৃষককেও খুশি করতে চাইছে সরকার। শেষ সময়ে এসে গত ২৫ আগস্ট বহুল ব্যবহূত ইউরিয়া সারের মূল্য ডিলার ও কৃষক পর্যায়ে কেজিপ্রতি চার টাকা কমানো হয়েছে। ফলে কৃষক পর্যায়ে ইউরিয়া সারের সর্বোচ্চ খুচরা মূল্য প্রতি কেজি ২০ টাকার পরিবর্তে ১৬ টাকা নির্ধারণ করা হয়েছে।
সারের এই দাম কমানোর দিন কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী বলেছিলেন, ‘কৃষকদের প্রতি আমাদের সব সময়ই সহানুভূতি আছে। কৃষকদেরও আওয়ামী লীগের ওপর আস্থা আছে। আমরা নির্বাচনের মাধ্যমে রায় নেই, তাই জনগণের আকাঙ্ক্ষাও হিসাবে রাখি।’
এসব বিষয়ে জানতে চাইলে প্রধানমন্ত্রীর জনপ্রশাসনবিষয়ক উপদেষ্টা এইচ টি ইমাম প্রথম আলোকে বলেন, ‘নির্বাচন সামনে রেখে এসব কাজ হচ্ছে, তা ঠিক নয়। আমরা অনেকগুলো প্রতিশ্রুতি দিয়েছিলাম, সেগুলো ধারাবাহিকভাবে বাস্তবায়ন করছি।’
উপদেষ্টা বলেন, দীর্ঘদিনের দাবি অনুযায়ী অন্যান্য ক্যাডারের শীর্ষ পদ গ্রেড-১ করা হচ্ছে। আগামী সপ্তাহ নাগাদ বিষয়টি চূড়ান্ত হতে পারে।