নির্বাচন সামনে রেখে রাজধানীতে সেনা মোতায়েন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দশম জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে নির্বাচন কমিশন সচিবালয়ের অনুরোধের পরিপ্রেক্ষিতে রাজধানীতে সেনা মোতায়েন করা হয়েছে। আজ বৃহস্পতিবার থেকে আগামী ৯ জানুয়ারি পর্যন্ত দেশের বিভিন্ন স্থানে বেসামরিক প্রশাসনকে সহযোগিতা করবেন সেনা সদস্যরা। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।

আইএসপিআরের সহকারী পরিচালক মুহাম্মদ রেজা-উল করিম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এ সময়ে সেনাবাহিনী গুরুত্বপূর্ণ সড়ক-মহাসড়কসমূহে নিরাপদ যান চলাচল এবং স্বাভাবিক আইনশৃঙ্খলা বজায় রাখতে নির্বাচন কমিশন এবং বেসামরিক প্রশাসনকে সহায়তা প্রদান করবে।
আইএসপিআর বলছে, দশম জাতীয় সংসদ নির্বাচনে আইনপ্রয়োগকারী নিয়মিত সংস্থাগুলোর পাশাপাশি সহযোগী শক্তি হিসেবে মোতায়েন করা হয়েছে সেনাবাহিনীকে। বেসামরিক প্রশাসনকে সহায়তার জন্য সারা দেশে স্ট্রাইকিং ফোর্স হিসেবে ২৬ ডিসেম্বর ২০১৩ থেকে ৯ জানুয়ারি ২০১৪ তারিখ পর্যন্ত সশস্ত্র বাহিনী মোতায়েন থাকবে। সশস্ত্র বাহিনী প্রাথমিকভাবে জেলা পর্যায়ে প্রয়োজনীয় সংখ্যক সদস্য মোতায়েন করবে এবং পরে প্রয়োজন হলে রিটার্নিং কর্মকর্তাদের সঙ্গে সমন্বয় করে উপজেলা/থানা এবং মেট্রোপলিটন এলাকার গুরুত্বপূর্ণ স্থানগুলোতে দায়িত্ব পালন করবে।
নির্বাচনকে সুষ্ঠু করতে সশস্ত্র বাহিনী বিভাগে কেন্দ্রীয় সমন্বয় সেল স্থাপন করা হয়েছে। এই সেল হতে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের মাধ্যমে সশস্ত্র বাহিনীর কার্যক্রম সম্পর্কে সবাইকে অবহিত করা হবে।