নির্বাচন সুষ্ঠু : ইসি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নির্বাচন কমিশনের (ইসি) ভারপ্রাপ্ত সচিব সিরাজুল ইসলাম দাবি করেছেন, দ্বিতীয় ধাপে ১১৫ উপজেলায় উত্সবমুখর পরিবেশে নির্বাচন হচ্ছে। লম্বা লাইনে দাঁড়িয়ে মানুষ ভোট দিচ্ছেন। নির্বাচন সুষ্ঠু হচ্ছে বলে তিনি মন্তব্য করেন।

তবে বিচ্ছিন্ন কয়েকটি ঘটনার কারণে দেশের তিন উপজেলার ২১টি কেন্দ্রে ভোট গ্রহণ স্থগিত করা হয়েছে এবং নোয়াখালী সদরের নির্বাচনপ্রক্রিয়া স্থগিত করা হয়েছে বলে সিরাজুল ইসলাম জানিয়েছেন। আজ বৃহস্পতিবার বিকেলে নির্বাচন কমিশনে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

ভারপ্রাপ্ত সচিব সিরাজুল ইসলাম আরও জানান, নির্বাচন যাতে সুষ্ঠু হয় সেজন্য ইসি সব ধরনের ব্যবস্থা নিয়েছে। তবে তা সত্ত্বেও বেশ কিছু বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে। এসব কারণে ইসি সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার একটি, বরিশাল সদরের ১১টি, চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার  আটটি ও ফেনী সদরের একটি ভোটকেন্দ্রের ভোট গ্রহণ স্থগিত করেছে। এ ছাড়া পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ায় কমিশন নোয়াখালী সদরের নির্বাচনপ্রক্রিয়া স্থগিত করেছে।

নির্বাচন চলাকালে যশোর ও মুন্সিগঞ্জে চলা গোলমালের ব্যাপারে কী পদক্ষেপ নেওয়া হয়েছে, জানতে চাইলে সিরাজুল ইসলাম বলেন, ভোটকেন্দ্রের ভোট গ্রহণ করেন প্রিসাইডিং ও রিটার্নিং কর্মকর্তারা। এ বিষয়ে তাঁরাই সর্বেসর্বা। তাঁদের কাছ থেকে অভিযোগ না পেলে কমিশনের কিছু করার নেই। 

নির্বাচনে দখলের মহোত্সব চলছে বলে বিএনপির পক্ষ থেকে যে অভিযোগ করা হয়েছে সে ব্যাপারে সিরাজুল ইসলাম বলেন, সকাল থেকে তিনি বিভিন্ন গণমাধ্যমে নির্বাচনসংক্রান্ত খবর দেখেছেন ও শুনেছেন। কিন্তু এ রকম কোনো কিছু তাঁর মনে হয়নি।

গত উপজেলা নির্বাচনের সময় ইসি নিজস্ব পর্যবেক্ষক নিয়োগ করেছিল। এবার সে রকম কোনো ব্যবস্থা নিয়েছে কি না, জানতে চাইলে ইসির ভারপ্রাপ্ত সচিব বলেন, এবার তাঁরা তা রাখেননি। তবে নির্বাচন সুষ্ঠু হচ্ছে বলে তিনি আবারও মন্তব্য করেন।