নির্বাচন সুষ্ঠু করতে সরকার বদ্ধপরিকর: ইনু

তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, ‘বিরোধীদলীয় নেতা নির্বাচন সম্পর্কে যা-ই বলুন না কেন, নির্বাচন সুষ্ঠু করতে মহাজোট সরকার বদ্ধপরিকর। আর ওই নির্বাচনে সবাই অংশ নেবে।’
আজ শনিবার সকালে কুষ্টিয়া (অস্থায়ী) মেডিকেল কলেজ হাসপাতালে জনতা ব্যাংকের সৌজন্যে দেওয়া একটি অ্যাম্বুলেন্স উদ্বোধন করার পর সাংবাদিকদের তথ্যমন্ত্রী এ কথা বলেন।
মন্ত্রী অভিযোগ করে বলেন, গণতন্ত্রকে নিরাপদ করতে হলে খালেদা জিয়ার মালিকানায় বিএনপি, হেফাজত ও জামায়াতের মিথ্যাচার, গুজব আর জঙ্গিবাদ উত্পাদনের কারখানা বন্ধ করে দিতে হবে।
হাসানুল হক ইনু বলেন, আগামী নির্বাচনের আগে বাংলাদেশের সব নেতা-নেত্রীকে জঙ্গিবাদ, তেঁতুল হুজুর, যুদ্ধাপরাধ ও জামায়াত বর্জনের ব্যাপারে স্থায়ী সমাধানে আসতে হবে। যতক্ষণ তাঁরা এই সিদ্ধান্তে না আসছেন, ততক্ষণ তাঁরা বাংলাদেশকে একটা সংঘাতপূর্ণ পরিস্থিতির দিকে ঠেলে দিচ্ছেন। গণতন্ত্রের জন্য যেমন নির্বাচন দরকার, তেমনি দরকার জঙ্গিবাদ, তেঁতুল হুজুর এবং সাম্প্রদায়িক শক্তি বর্জন করার ব্যাপারে ঐকমত্যে পৌঁছানো।
জনগণের উদ্দেশে মন্ত্রী বলেন, ‘তেঁতুল হুজুর, জঙ্গিবাদ, যুদ্ধাপরাধ, জামায়াতে ইসলামকে বর্জনের জন্য খালেদা জিয়াকে খোলা চিঠি ও চাপ প্রয়োগ শুরু করুন।’ সুশীল সমাজের উদ্দেশে তিনি বলেন, ‘তেঁতুল হুজুরদের বর্জনের জন্য খালেদা জিয়াকে বাধ্য করেন।’
এ সময় কুষ্টিয়া জেলা পরিষদের প্রশাসক জাহিদ হোসেন, হাসপাতালের উপপরিচালক আজিজুন নাহার, অতিরিক্ত পুলিশ সুপার আবু বক্কর সিদ্দীকসহ জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।