নির্বাচন সুষ্ঠু করার জন্য পর্যাপ্ত ব্যবস্থা নেওয়া হয়েছে : ইসি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কাজী রকিব উদ্দীন আহমদ
কাজী রকিব উদ্দীন আহমদ

বৃহস্পতিবার ১৬ জানুয়ারি ছয়টি জেলার স্থগিত বা বন্ধ ঘোষিত আটটি আসনে পুনরায় ভোট গ্রহণের কথা ছিল। তবে হাইকোর্টের নিষেধাজ্ঞায় কুড়িগ্রাম-৪ আসনের দুটি কেন্দ্রে ভোট গ্রহণ আবার স্থগিত করা হয়েছে। এর ফলে পাঁচটি জেলার সাতটি আসনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।

আজ বুধবার বিকেলে হাইকোর্টের নিষেধাজ্ঞায় কুড়িগ্রাম-৪ আসনের ভোট গ্রহণে স্থগিতাদেশ দেওয়া হয়। কুড়িগ্রাম-৪ আসনের আওয়ামী লীগের প্রার্থী জাকির হোসেনের রিটের পরিপ্রেক্ষিতে এ নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

দশম জাতীয় সংসদ নির্বাচনে দিনাজপুর-৪, কুড়িগ্রাম-৪, গাইবান্ধা-১, ৩ ও ৪, বগুড়া-৭, যশোর-৫ এবং লক্ষ্মীপুর-১ আসনের ভোট গ্রহণ সহিংসতার কারণে স্থগিত করা হয়। স্থগিত ভোটকেন্দ্রের সংখ্যা ছিল ৩৯২টি। বর্তমানে দুটি কেন্দ্র কমে যাওয়ায় কেন্দ্রের সংখ্যা হবে ৩৯০টি।

৫ জানুয়ারি নির্বাচন এবং নির্বাচনের পরে ব্যাপক সহিংসতার ঘটনা ঘটেছে। তবে এবারের নির্বাচনে সহিংসতার পুনরাবৃত্তি ঘটবে না বলে আশাবাদ ব্যক্ত করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিব উদ্দীন আহমেদ।


আজ সন্ধ্যায় অফিস শেষে কার্যালয় থেকে বের হওয়ার সময় সিইসি গণমাধ্যমের কর্মীদের বলেন, ‘এবার নির্বাচনের জন্য পর্যাপ্ত ব্যবস্থা নিয়েছি, যাতে করে বিশৃঙ্খলা সৃষ্টি না হয়, ভোটাররা যাতে নির্বিঘ্নে ভোট দিতে পারেন। আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে এবার তৃতীয়বারের মতো সভা করেছি। এ ধরনের নির্বাচনে এ ধরনের সভা করার প্রয়োজন হয় না। ব্যতিক্রমভাবে বিশেষ সভা করেছি। আইনশৃঙ্খলা বাহিনীকে পরিষ্কারভাবে বলেছি, এবারের নির্বাচনের জন্য যাতে পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা থাকে। তারা আমাদের আশ্বস্ত করেছে, নির্বাচন সুষ্ঠু হবে। আশঙ্কা ছাড়াই নির্বাচন করতে পারবে।’

৫ জানুয়ারির নির্বাচনের পর সংখ্যালঘুদের ওপর সহিংসতা প্রসঙ্গে সিইসি বলেন, এ বিষয়ে আগেই স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে জানানো হয়েছিল। বারবার সচেতন করা হয়েছে, যাতে অঘটন না ঘটে। তবে বিশাল বড় দেশ তো, কখন কোথায় কাকে অতর্কিত হামলা করছে, তা প্রতিরোধ করা কঠিন। তবে সচেতন থাকার ফলেই সহিংসতা কম হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

কুড়িগ্রাম আসনে রিটের পরিপ্রেক্ষিতে হাইকোর্ট থেকে চার সপ্তাহের জন্য দুটি কেন্দ্রে ভোট গ্রহণ স্থগিত প্রসঙ্গে সিইসি বলেন, ‘কিছুক্ষণ আগে আমরা হাইকোর্টের আদেশ পেয়েছি। দেখব কী করা যায়। তবে হাইকোর্টের নির্দেশ সুপ্রিম কোর্ট যদি পরিবর্তন না করে দেন, তবে হাইকোর্টের নির্দেশই বহাল থাকবে।’

পুনরায় স্থগিত হওয়া এই আসনে জাকির হোসেনের প্রতিদ্বন্দ্বী প্রার্থী ছিলেন জাতীয় পার্টির (জেপি) রুহুল আমিন। ৫ জানুয়ারির নির্বাচনে জাকির হোসেন ভোট পেয়েছিলেন ২৩ হাজার ৯৪৬ আর রুহুল আমিন পেয়েছিলেন ৩০ হাজার ৫৪৪ ভোট। মোট ১০৬টি ভোটকেন্দ্রের মধ্যে দুটি কেন্দ্রের ভোট গ্রহণ স্থগিত হয়েছিল। স্থগিত কেন্দ্রের ভোটার সংখ্যা সাত হাজার ২৫৭ জন।

আজ নির্বাচন কমিশনে নাম প্রকাশে অনিচ্ছুক জাকির হোসেনের একজন আত্মীয় ‘প্রথম আলো’কে বলেন, নির্বাচনে এ আসনে মোট সাতটি কেন্দ্রে সহিংসতার ঘটনা ঘটলেও কমিশন দুটি কেন্দ্রে ভোট গ্রহণ স্থগিত করে এবং দুটি কেন্দ্রেই পুনরায় ভোট গ্রহণের আয়োজন করে। সাতটি কেন্দ্রেই পুনরায় ভোট গ্রহণের আবেদন জানিয়ে রিট করা হয়েছে।

আজ দুপুরে বৃহস্পতিবারের নির্বাচন সুষ্ঠু হবে, গণমাধ্যমের কর্মীদের কাছে সে আশাবাদ ব্যক্ত করেন নির্বাচন কমিশনার শাহনেওয়াজ। এ ছাড়া সন্ধ্যায় প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এইচ টি ইমামও কমিশন কার্যালয়ে একই আশাবাদ ব্যক্ত করেন। তিনি এবং প্রধানমন্ত্রীর অর্থনৈতিক উপদেষ্টা মসিউর রহমান গতকাল সিইসির সঙ্গে বৈঠক শেষে গণমাধ্যমের কর্মীদের সঙ্গে কথা বলেন। এইচ টি ইমাম জানান, নির্বাচন যাতে নির্বিঘ্নে অনুষ্ঠিত হতে পারে, সে আলোচনা-পর্যালোচনার জন্যই তাঁরা সিইসির সঙ্গে বৈঠক করেছেন। নির্বাচন-পরবর্তী সহিংসতা যাতে না হয়, সে আলোচনাও হয়েছে। নির্বাচন যাতে সুষ্ঠু হতে পারে, নির্বাচনের পরে যাতে সহিংসতার ঘটনা না ঘটে, তা দেখার দায়িত্ব নির্বাচন কমিশনের বলেও মন্তব্য করেন তিনি।
এ ধরনের সহিংসতায় সরকারের কোনো দায় আছে কি না, জানতে চাইলে এইচ টি ইমাম বলেন, সরকারের তো বটেই, তবে কমিশনেরও বড় দায়িত্ব। কমিশনের হাতেই তো সব ছেড়ে দেওয়া হয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

আজ তথ্য অধিদফতরের তথ্য বিবরণীতে উল্লেখ করা হয়েছে, পুনরায় ভোট গ্রহণের জন্য বৃহস্পতিবার নির্বাচনী এলাকার সব সরকারি, আধাসরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি অফিস, প্রতিষ্ঠান, সংস্থা, সরকারি ও বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের সংশ্লিষ্টদের ভোটাধিকার প্রয়োগের জন্য সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে।