নির্বাচন সুষ্ঠু কি না, এ মুহূর্তে বলা সম্ভব না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকা-৭ আসনের (পুরান ঢাকা) বেগম বদরুন্নেছা সরকারি মহিলা কলেজ কেন্দ্র ঘুরে দেখেন প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিবউদ্দীন আহমেদ। ছবি: মনিরুল আলম।
ঢাকা-৭ আসনের (পুরান ঢাকা) বেগম বদরুন্নেছা সরকারি মহিলা কলেজ কেন্দ্র ঘুরে দেখেন প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিবউদ্দীন আহমেদ। ছবি: মনিরুল আলম।

নির্বাচন সুষ্ঠু হচ্ছে কি না—জানতে চাইলে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিব উদ্দীন আহমেদ বলেছেন, এ মুহূর্তে কোনো মন্তব্য করা ঠিক হবে না। তিনি বলেন, ‘ভোট দেওয়ার হার সারা দিনে কমবে, বাড়বে। দিন শেষে বলতে পারব কতগুলো কেন্দ্রে ভোট নেওয়া একেবারেই সম্ভব হয়নি। কতগুলো কেন্দ্রে ভোট নেওয়া সম্ভব হয়েছে।’
আজ রোববার বেলা আড়াইটার দিকে নির্বাচন কমিশনের মিডিয়া সেন্টারে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন সিইসি। সংবাদ সম্মেলনে সাংবাদিকেরা বারবার নির্বাচন সুষ্ঠু হয়েছে কি না, তা জানতে চান। তবে সিইসি সরাসরি এর কোনো উত্তর দেননি। এর আগে তিনি রাজধানীর বিভিন্ন ভোটকেন্দ্র ঘুরে দেখেন। সংবাদ সম্মেলনে সাংবাদিকেরা বারবার নির্বাচন সুষ্ঠু হয়েছে কি না, তা সিইসির কাছে জানতে চান। তিনি বলেন, ‘চারটার সময় ভোট শেষ হবে। তারপর গণনা করা হবে। সে সময় আপনারা থাকতে পারেন। তখনই আমরা আন অফিশিয়ালি বলতে পারব কত ভোট গণনা হয়েছে।’ সিইসি আরও বলেন, ভোটকেন্দ্রের ব্যাপারে যতগুলো অভিযোগ আসছে সব আমলে নিয়ে পরীক্ষা করা হচ্ছে।
সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তরে সিইসি জানান, যাঁর ভোট নেই তিনি কোনোভাবেই ভোট দিতে পারবেন না। ভোট কারচুপির কোনো আশঙ্কা নেই।
ভোটকেন্দ্রে সহিংসতা প্রসঙ্গে সিইসি বলেন, কয়েকটি কেন্দ্রে হামলা চালানো হয়েছে। যেসব কেন্দ্র বেশি ক্ষতিগ্রস্ত, সেগুলোতে ভোট সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। তবে সেটা আবার চালু হবে। যেসব ভোটকেন্দ্রে ক্ষয়ক্ষতি কম, সেগুলোতে ভোট গ্রহণ আবার শুরু হয়েছে।
সাংবাদিকদের প্রশ্নের উত্তরে সিইসি বলেন, ‘আমরা ভোটার তালিকার ব্যাপারে প্রেস রিলিজ দিয়েছি। এ ক্ষেত্রে তিনটি বিষয় কাজ করে। ভোটার আইডি, ভোটার নম্বর ও ভোটার তালিকার  ক্রমিক নম্বর। ভোটার যদি তালিকার ক্রমিক নম্বর জানাতে পারেন, তাহলে খুঁজে বের করা সহজ হয় বলে জানান তিনি। 

কোনো কথা না বলে ভোটকেন্দ্র থেকে চলে গেলেন সিইসি

সিইসি দুপুর সাড়ে ১২টার দিকে ঢাকা-৭ আসনের (পুরান ঢাকা ) বেগম বদরুন্নেছা সরকারি মহিলা কলেজ কেন্দ্রে যান। দেড়টার দিকে ওই কেন্দ্র ছেড়ে যান তিনি। এ সময় ভোট গ্রহণ সম্পর্কে সাংবাদিকেরা জানতে চাইলেও তিনি কোনো কথা বলেননি। কোনো কথা না বলে সেখান থেকে চলে যান তিনি।