নির্বাচন সুষ্ঠু না হলে গণতন্ত্র টেকে না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বরিশালে স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণ অনুষ্ঠানে আজ বক্তব্য দেন নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার। ছবি: সাইয়ান
বরিশালে স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণ অনুষ্ঠানে আজ বক্তব্য দেন নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার। ছবি: সাইয়ান

নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার বলেছেন, ‘সুষ্ঠু নির্বাচন আমাদের আত্মমর্যাদার প্রতীক। আমরা বিদেশিদের কাছ থেকে এ বিষয়ে কোনো ছবক শুনতে চাই না। আগামী জাতীয় নির্বাচন গ্রহণযোগ্য করতে হবে আমাদেরই। প্রশ্নবিদ্ধ নির্বাচন করে আত্মমর্যাদা বিসর্জন দেওয়ার কোনো অবকাশ নেই।’

আজ রোববার দুপুর ১২টায় নগরের বরিশাল ক্লাব মিলনায়তনে স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণ অনুষ্ঠান উদ্বোধন করতে গিয়ে এসব কথা বলেন নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার।
নির্বাচন কমিশনার বলেন, নির্বাচনের সঙ্গে স্মার্ট জাতীয় পরিচয়পত্রের কোনো সম্পর্ক নেই। তবে এটা নাগরিকদের সুবিধা ও নিরাপত্তা দিতে অধিক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। স্মার্ট জাতীয় পরিচয়পত্রে পাঁচ স্তরবিশিষ্ট ২৫ ধরনের তথ্য আছে। নাগরিক নিরাপত্তা নিশ্চিত করার জন্য স্মার্টকার্ড অত্যন্ত প্রয়োজনীয়।

জাতীয় নির্বাচন সম্পর্কে নির্বাচন কমিশনার বলেন, ‘আগামী জাতীয় নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ। শুধু দেশবাসী নয়, সারা বিশ্ব এ নির্বাচনের দিকে তাকিয়ে আছে। ৩০ লাখ শহীদের রক্তের বিনিময়ে অর্জিত স্বাধীন দেশে অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হবে না, এটা হতেই পারে না। গণতন্ত্র আমাদের অভীষ্ট। নির্বাচন সুষ্ঠু না হলে গণতন্ত্র টেকে না। সুষ্ঠু নির্বাচনের জন্য আমরা প্রয়োজনীয় বিধিবিধান সংস্কার করছি। রাজনৈতিক দল, সুশীল সমাজ ও সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করব। আমরা লেভেল প্লেইং ফিল্ড (সবার জন্য সমান সুযোগ) করতে চাই—যাতে নির্বাচন দলমত-নির্বিশেষে সবার কাছে গ্রহণযোগ্য হয়। এ জন্য আমরা রোডম্যাপ অনুযায়ী অগ্রসর হচ্ছি।’

তিনি বলেন, ‘নির্বাচনকালে সংশ্লিষ্ট প্রশাসন নির্বাচন কমিশনের অধীনে চলে আসে। নির্বাচন-সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ বা সরকারি দপ্তর কমিশনের আদেশ-নির্দেশ পালনে বাধ্য হয়। এই সময়ে নির্বাচন-সংশ্লিষ্ট কর্মকর্তাদের কোনো রকম পক্ষপাতিত্ব বা গাফিলতি আমরা সহ্য করব না।’

অনুষ্ঠানে স্মার্ট জাতীয় পরিচয়পত্রের ব্যবহার এবং বিভিন্ন সুবিধা তুলে ধরেন স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণ অনুবিভাগের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শহীদুল ইসলাম।
বরিশালের জেলা প্রশাসক গাজী মো. সাইফুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন সদর আসনের সাংসদ জেবুন্নেছা আফরোজ, নির্বাচন কমিশনের যুগ্ম সচিব মো. শাহজাহান, বরিশাল সিটি করপোরেশনের মেয়র আহসান হাবিব কামাল, মাহবুব উদ্দিন আহম্মেদ বীর বিক্রম, অতিরিক্ত বিভাগীয় কমিশনার মো. নূরুল আমীন, মেট্রোপলিটন পুলিশ কমিশনার এস এম রুহুল আমীন, পুলিশ সুপার এস এম আক্তারুজ্জামান, আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. আবদুল হালিম খান প্রমুখ।

অনুষ্ঠানে সাংসদ, মুক্তিযোদ্ধা, সাংস্কৃতিক ব্যক্তিত্বসহ ১৮ জনের হাতে আনুষ্ঠানিকভাবে স্মার্ট জাতীয় পরিচয়পত্র তুলে দেন নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার।