নির্বাচন সুষ্ঠু না হলে সরকার ও নির্বাচন কমিশন দায়ী: এমাজউদ্দিন

সিটি করপোরেশন নির্বাচন সুষ্ঠু না হলে দায়দায়িত্ব নিয়ে কাজ না করার জন্য সরকার ও সরকারের ‘অত্যন্ত ঘনিষ্ঠ’ নির্বাচন কমিশন দায়ী থাকবে। নির্বাচন সন্ত্রাস কবলিত দেশের পরিস্থিতি কঠিন হয়ে যাবে। এমনকি দেশ বসবাসের অযোগ্য হয়ে উঠতে পারে। এসব কথা বলে সতর্ক করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ও আদর্শ ঢাকা আন্দোলনের আহ্বায়ক অধ্যাপক এমাজউদ্দিন আহমদ।
আজ শনিবার রাজধানীর দক্ষিণ যাত্রাবাড়ীর মীরহাজীর বাগ এলাকায় ঢাকা দক্ষিণের বিএনপি সমর্থিত মেয়র পদপ্রার্থী মির্জা আব্বাসের নির্বাচনী প্রচারে অংশ নেন তিনি। এ সময় উল্লিখিত মন্তব্য করে সরকার ও নির্বাচন কমিশনকে সতর্ক করেন তিনি। মির্জা আব্বাসের স্ত্রী আফরোজা আব্বাস, সাবেক সংসদ সদস্য শাম্মী আক্তার ও কবি আবদুল হাই শিকদার উপস্থিত ছিলেন।
এমাজউদ্দিন আহমদ অভিযোগ করেন, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ওপর তিন দিন হামলা হয়েছে। তিনি যখন নিরাপত্তার প্রস্তুতি নিয়ে নির্বাচনী প্রচারে বেরিয়েছেন, তখন কমিশন তাঁকে নোটিশ করেছে। এতে প্রমাণ হয়, কমিশন সরকারের পক্ষপাতিত্ব করছে।
নির্বাচনী পরিস্থিতি সংঘাতের দিকে যাচ্ছে কি না-এমন প্রশ্নের জবাবে আফরোজা আব্বাস বলেন, ‘পরিস্থিতি সংঘাতের দিকেই যাচ্ছে। আমরা মনে করেছিলাম নির্বাচন সুষ্ঠু হবে, কিন্তু সরকার যেভাবে আমাদের কর্মীদের ওপর হামলা করছে, পোলিং এজেন্টকে হুমকি দিচ্ছে, এতেই মনে হচ্ছে সরকার পরিস্থিতি সংঘাতের দিকে নিয়ে যাচ্ছে।’
এমন আচরণ করে সরকার ভালো করছে না বলে জানিয়ে আফরোজা বলেন, ‘আমরা ভোট ডাকাতি করতেও চাই না, আর কাউকে ভোট ডাকাতি করার সুযোগও দিতে চাই না।’
পুরান ঢাকা এলাকায় মির্জা আব্বাসের পক্ষে সাড়া কম কি না-এ ব্যাপারে আফরোজা বলেন, পুরান ঢাকায়ও মির্জা আব্বাসের মগের জোয়ার দেখেছি। জনগণ পরিবর্তন চায়। খুন-গুমের পরিস্থিতি বদলে দিতে চায়। তারা একটি সুষ্ঠু পরিবেশ চায়।
মির্জা আব্বাস ঢাকা দক্ষিণ এলাকার সন্তান, তাঁর বেড়ে ওঠাও এখানে-এমনটা জানিয়ে আফরোজা বলেন, সরকার-সমর্থিত মেয়র প্রার্থী ঢাকা উত্তরে বসবাস করেন। তাঁকে পেতে হলে উত্তরে যেতে হবে। আর মির্জা আব্বাসকে নির্বাচিত করলে সব সময় জনগণের কাছাকাছি পাওয়া যাবে।