নির্বাচন সুষ্ঠু হওয়া নিয়ে শঙ্কা আফরোজা আব্বাসের

নির্বাচন সুষ্ঠু হবে কি না-তা নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে বিএনপি-সমর্থিত মেয়র পদপ্রার্থী মির্জা আব্বাসের স্ত্রী আফরোজা আব্বাস। আজ রোববার সকালে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ শঙ্কার কথা জানান আফরোজা আব্বাস।
রাজধানীর পুরানা পল্টনে প্রবীণ আইনজীবী রফিক-উল হকের সঙ্গে সাক্ষাৎ শেষে তাঁর বাসার সামনে সাংবাদিকদের মুখোমুখি হন মির্জা আব্বাসের স্ত্রী।
সাক্ষাৎ করতে আসার কারণ জানতে চাইলে আফরোজা আব্বাস বলেন, ‘উনি মুরব্বি মানুষ। আমি ওনাকে চাচা বলে ডাকি। উনি আমাকে বউমা বলে ডাকেন। ওনার কাছে দোয়া চাইতে এসেছি। কারণ জাতির যেকোনো সমস্যায় আমরা ওনার কাছে আসি।’
বর্তমানে কী সমস্যা দেখতে পাচ্ছেন-সাংবাদিকের এমন প্রশ্নে মির্জা আব্বাসের স্ত্রী বলেন, ‘আমরা যেখানেই যাচ্ছি, সেখানেই মানুষের একই কথা-ভোট সুষ্ঠু হবে কি না, মানুষ ভোট দিতে পারবে কি না।’ নির্বাচন সুষ্ঠু হওয়া নিয়ে শঙ্কা প্রকাশ করে আবারও সেনা মোতায়েনের দাবি জানান আফরোজা আব্বাস। তিনি বলেন, আমরা সেনা মোতায়েন ও ভোটকেন্দ্রে সিসিটিভি দাবি করছি।
শেষ পর্যায়ে এসে নির্বাচনী প্রচারের সার্বিক মূল্যায়ন করতে গিয়ে আফরোজা আব্বাস অভিযোগ করেন, প্রশাসন ও প্রশাসনের সহায়তায় সরকারদলীয় লোকজন প্রথম দিন থেকেই তাঁদের বাধা দিয়ে আসছে। নেতা-কর্মীদের ভয়ভীতি দেখানো হচ্ছে।
নির্বাচনী প্রচারে মির্জা আব্বাসের নামতে না পারা সম্পর্কে তাঁর স্ত্রী বলেন, সরকার তাঁকে জামিন দেয়নি। তাই প্রচারে নামতে পারেননি তিনি।
এই প্রসঙ্গ টেনে আফরোজা আব্বাস বলেন, ‘ভোট চাওয়া প্রার্থীর অধিকার। সেই অধিকার থেকে প্রার্থীকে বঞ্চিত করেছে সরকার। আমাদের কাউন্সিলর প্রার্থীদের ধরে নিয়ে যাওয়া হচ্ছে। তার পরও কোনো সমস্যা হয়নি। কারণ জনগণ আমাদের সঙ্গে আছে। আমরা ভীত-সন্ত্রস্ত নই। জনগণ যদি ভোট দিতে পারে, তা হলে নীরব বিপ্লব হয়ে যাবে।’
আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সাংবাদিকদের কাছ থেকে নিরপেক্ষ আচরণ প্রত্যাশা করেন জানিয়ে মির্জা আব্বাসের স্ত্রী বলেন, ‘ভোট ডাকাতি না হলে আমরাই বিজয়ী হব।’
ফলাফল মেনে নেবেন কি না-জানতে চাইলে আফরোজা আব্বাস বলেন, ‘গণমাধ্যম ও জনগণ যদি বলে নির্বাচন সুষ্ঠু হয়েছে, তবে তা মেনে নেব।’