নির্বাচন সুষ্ঠু হবে বলে আশা এলাকাবাসীর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার পৌরসভার নির্বাচনে প্রচার-প্রচারণা এখন তুঙ্গে। জাতীয় সংসদ নির্বাচনে এই আসনে কোনো নির্বাচন না হওয়ায় দলীয়ভাবে অনুষ্ঠিত পৌর নির্বাচন ভোটারদের মাঝে ব্যাপক প্রভাব ফেলেছে।
পৌর এলাকার ভোটাররা এখন নৌকা আর ধানের শীষ—এই দুই শিবিরে বিভক্ত হয়ে পড়েছেন। সান্তাহার পৌরসভায় আওয়ামী লীগ ও বিএনপিদলীয় প্রার্থীর বাইরে কোনো প্রার্থী না থাকায় মূল লড়াই হচ্ছে বড় দুই দলের মধ্যে।
সান্তাহার নাগরিক কমিটির সভাপতি মোসলেম উদ্দীন বলেন, ‘রেলওয়ে জংশন শহর হলেও সান্তাহার খুব শান্ত শহর। দলীয়ভাবে এই প্রথম পৌর নির্বাচন হলেও আমার বিশ্বাস, এখানে ভোটাররা শান্তিপূর্ণভাবে ভোট দিতে পারবেন।’
শহরের স্টেশন রোডের জহুরুল ইসলাম বলেন, প্রচার-প্রচারণায় যেভাবে শহর মুখর হয়ে আছে, তাতে করে নির্বাচনের দিন এখানকার ভোটাররা উৎসবমুখর পরিবেশে তাঁদের ভোট দিতে পারবেন।
মেয়র পদে সান্তাহার পৌরসভায় লড়ছেন দুজন। তাঁরা হলেন আওয়ামী লীগের রাশেদুল ইসলাম এবং বিএনপির তোফাজ্জল হোসেন।