নির্বাচন সুষ্ঠু হবে: সিইসি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকীব উদ্দিন আহমদ বলেছেন, ‘আমরা রিটার্নিং কর্মকর্তা, এসপি-ডিসিদের কথা শুনেছি। তাঁরা বলেছেন, মাঠের পরিস্থিতি ভালো। কোনো উদ্বেগ নেই। নির্বাচন সুষ্ঠু হবে।’
আজ শনিবার রাজধানীর বিয়াম মিলনায়তনে পৌরসভা নির্বাচনে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে এক বৈঠক শেষে সিইসি সাংবাদিকদের এ কথা বলেন। বেলা ১১টায় থেকে দুইটা পর্যন্ত বৈঠক চলে। অন্যদের মধ্যে সেখানে নির্বাচন কমিশনার ও নির্বাচন কমিশন সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, পুলিশ, বিজিবি, র‍্যাব, রিটার্নিং কর্মকর্তা, এসপি ও ডিসিরা উপস্থিত ছিলেন।
ঝুঁকিপূর্ণ কেন্দ্রের বিষয়ে জানতে চাইলে কাজী রকীব উদ্দিন আহমদ বলেন, প্রতিবারই এ তালিকা করে থাকি। ভোট নেওয়ার কয়েক দিন আগে এটি করা হয়। আপাতত একটি তালিকা আছে। তা বাড়তেও পারে, আবার কমতেও পারে। তবে ঝুঁকিপূর্ণ কেন্দ্রে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হবে।
বর্তমানে নির্বাচনে যে পরিস্থিতি আছে, এতে সেনাবাহিনী মোতায়েনের প্রয়োজন নেই বলে মনে করেন সিইসি। তিনি বলেন, নির্বাচনে পুলিশ, বিজিবি, র‍্যাব, আনসারসহ অন্যান্য বাহিনী দায়িত্ব পালন করবে।
মন্ত্রী-সাংসদের নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন বিষয়ে প্রশ্ন করা হলে সিইসি বলেন, আগে যা হওয়ার তা হয়ে গেছে, আশা করি তাঁরা আচরণবিধি মেনে চলবেন। এ বিষয়ে ব্যবস্থা নেওয়ার জন্য আমরা রিটার্নিং কর্মকর্তাদের বলেছি।
আচরণবিধি লঙ্ঘনকারী মন্ত্রী-সাংসদদের বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া হয়েছে, জানতে চাইলে সিইসি এড়িয়ে যান।