নির্বাচন সুষ্ঠু হলে বিএনপির দুই-তৃতীয়াংশ প্রার্থী জিততেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাংবিধানিক ক্ষমতা অক্ষুণ্ন রাখতে ব্যর্থ হওয়ায় নির্বাচন কমিশনের (ইসি) পদত্যাগ দাবি করেছে বিএনপি। দলটি মনে করে, এই কমিশনের অধীনে ভবিষ্যতে কোনো সুষ্ঠু নির্বাচন হওয়া সম্ভব নয়। সুষ্ঠু নির্বাচন হলে সারা দেশে বিএনপি-সমর্থিত দুই-তৃতীয়াংশ মেয়র ও কাউন্সিলর প্রার্থী বিজয়ী হতেন। গতকাল শুক্রবার নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে বিএনপির মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন এ দাবি করেন। বিএনপির মহাসচিব বলেন, ব্যাপক কারচুপির কারণে ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনের উপনির্বাচনের ফল তাঁরা প্রত্যাখ্যান করছেন। তিনি সেখানে নতুন করে নির্বাচন দেওয়ার দাবি জানান। হবিগঞ্জ-১ আসনের নির্বাচন নিয়ে বিএনপির অবস্থান জানতে চাওয়া হলে খোন্দকার দেলোয়ার হোসেন বলেন, সেখানে বিএনপির প্রার্থী জিতেছেন ঠিকই, কিন্তু সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন হলে বিএনপির প্রার্থী আরও বেশি ভোটের ব্যবধানে জয়লাভ করতেন। বর্তমান নির্বাচন কমিশনের পদত্যাগ চাওয়ার কারণ ব্যাখ্যা করতে গিয়ে খোন্দকার দেলোয়ার বলেন, একটি অবৈধ ও অসাংবিধানিক তত্ত্বাবধায়ক সরকার এ কমিশন গঠন করেছিল। এই কমিশন এখন বর্তমান সরকারের পক্ষে সাফাই গাইছে। তিনি বলেন, নির্বাচন অনুষ্ঠানে কমিশনকে সরকারের সহযোগিতা করার সাংবিধানিক বাধ্যবাধকতা রয়েছে। তা সত্ত্বেও সেনাবাহিনী মোতায়েন হয়নি। নির্বাচন নিয়ে সন্তোষ প্রকাশ করে নির্বাচন কমিশনার এম সাখাওয়াত হোসেনের করা মন্তব্যের সমালোচনা করে খোন্দকার দেলোয়ার বলেন, ‘উনি বলছেন, এই উপনির্বাচন মডেল নির্বাচন হয়েছে। এটি যদি মডেল নির্বাচন হয়, তাহলে কারচুপির নির্বাচন কোনটি?’ সংবাদ সম্মেলনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য রফিকুল ইসলাম মিয়া ও নজরুল ইসলাম খান, চেয়ারপারসনের উপদেষ্টা এম এ মান্নান প্রমুখ উপস্থিত ছিলেন।