নির্বাচন সুষ্ঠু হয়েছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উপজেলা পরিষদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হয়েছে বলে দাবি করেছেন আওয়ামী লীগের নির্বাচন পরিচালনা কমিটির কো-চেয়ারম্যান ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এইচ টি ইমাম। বিএনপির অভিযোগ উড়িয়ে দিয়ে তিনি বলেন, জন্মলগ্ন থেকেই বিএনপির মিথ্যার জাল বোনার মিল (কারখানা) আছে।
গতকাল বুধবার আওয়ামী লীগের ধানমন্ডির কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এইচ টি ইমাম এসব কথা বলেন। গতকাল ৯৭টি উপজেলায় ভোট গ্রহণ হয়।
এইচ টি ইমাম বলেন, ‘দেশের প্রতিটি অঞ্চল থেকে আমরা যে তথ্য পেয়েছি, তাতে আমরা দাবি করতে পারি, সব জায়গায় অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। সবচেয়ে লক্ষণীয় বিষয়, উৎসবমুখর পরিবেশে ভোট গ্রহণ হয়েছে।’ তিনি আরও বলেন, ‘আমাদের লক্ষ্য একটাই—প্রশ্নমুক্ত নির্বাচন সম্পন্ন করতে নির্বাচন কমিশনকে সহযোগিতা করা। আমরা এ ক্ষেত্রে সফল হয়েছি।’
এইচ টি ইমাম বলেন, নির্বাচনে যাতে বিশৃঙ্খলা সৃষ্টি না হয়, সে জন্য দেশের সব স্থানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি সেনাবাহিনীও টহল দিয়েছে। তার পরও প্রথম পর্যায়ে যদি কোনো ত্রুটি থেকে থাকে, তাহলে পরবর্তী সময়ে তা শোধরানো হবে।
বিএনপির অভিযোগের বিষয়ে এক প্রশ্নের জবাবে এইচ টি ইমাম বলেন, ‘এমন কোনো বিধান আছে যে বিএনপি বা অন্য কোনো দল যা পরামর্শ দেবে, তা নির্বাচন কমিশনকে মানতে হবে? আমরাও তো অনেক অভিযোগ জানিয়েছি, পরামর্শ দিয়েছি। তারা তো সবকিছু শোনেনি। নির্বাচন কমিশন কারও পরামর্শ মানতে পারে, না-ও মানতে পারে। এটি তাদের বিষয়।’ বিএনপি জন্মলগ্ন থেকেই মিথ্যাচার করে আসছে অভিযোগ করে তিনি বলেন, ‘বারবার মিথ্যা কথার পুনরাবৃত্তি করে তারা মিথ্যাকে সত্য হিসেবে প্রতিষ্ঠিত করতে চায়।’
আওয়ামী লীগের এই নেতা পাল্টা অভিযোগ করে বলেন, ‘বিভিন্ন জায়গায় বিএনপির সমর্থকেরা আমাদের প্রার্থী ও পোলিং এজেন্টদের বের করে দিয়েছে। সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ভোট গ্রহণ শেষ হওয়ার পর হঠাৎ করে জামায়াত-সমর্থকেরা কেন্দ্রে গিয়ে অগ্নিসংযোগ করে। তবে আমরা এগুলোকে বিচ্ছিন্ন ঘটনা বলেই মনে করছি।’
মার্কিন রাষ্ট্রদূত ড্যান ডব্লিউ মজীনার রাজশাহী সফরের বিষয়টি উল্লেখ করে এইচ টি ইমাম বলেন, ড্যান মজীনা রাজশাহী বিভাগে গিয়েছেন। তাঁর সঙ্গে ৫০ জন নির্বাচনী পর্যবেক্ষক নিয়ে গেছেন। তাঁরা গণমাধ্যমে নির্বাচনের পরিবেশ নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেছেন। এই নির্বাচন নিয়ে বিদেশিদেরও অনেক আগ্রহ আছে।
সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর অর্থনীতিবিষয়ক উপদেষ্টা মসিউর রহমান, আওয়ামী লীগের নেতা হাছান মাহমুদ, আ ফ ম বাহাউদ্দিন নাছিম, আব্দুল মান্নান খান, আবদুস সোবহান গোলাপ, বদিউজ্জামান ভূঁইয়া, অসীম কুমার উকিল, সুজিত রায় নন্দী প্রমুখ উপস্থিত ছিলেন।