নির্বাচন সুষ্ঠু হয়েছে, দাবি সিইসির

বিচ্ছিন্ন কিছু ঘটনা ছাড়া পৌরসভা নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ হয়েছে বলে দাবি করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিবউদ্দীন আহমদ। তিনি বলেছেন, ‘আমরা চেষ্টার ত্রুটি করিনি। কী করেছি, তা দেশের মানুষ মূল্যায়ন করবে।’
গতকাল বুধবার রাতে নির্বাচন কমিশনের মিডিয়া সেন্টারে সংবাদ ব্রিফিংয়ে সিইসি এ কথা বলেন। নির্বাচন নিয়ে বিভিন্ন রাজনৈতিক দলের অভিযোগ সম্পর্কে তিনি বলেন, বেশির ভাগ এসেছে বিএনপির কাছ থেকে। কমিশন সব রাজনৈতিক দলের অভিযোগ তাৎক্ষণিকভাবে গুরুত্বের সঙ্গে আমলে নিয়ে ব্যবস্থা নিয়েছে।
নির্বাচন নিয়ে সন্তুষ্ট কি না—এমন প্রশ্নের জবাবে সিইসি বলেন, সন্তুষ্টি-অসন্তুষ্টির কিছু নেই। পরীক্ষার্থী নিজের খাতায় নিজে নম্বর দেয় না, অন্যরা এটা মূল্যায়ন করে।
গতকাল বিএনপির নেতা ওসমান ফারুক, খন্দকার মাহবুব হোসেন, শামসুজ্জামান দুদু, আসাদুজ্জামান রিপন, সুজাউদ্দিনসহ কয়েকজন পালা করে প্রায় পুরো সময় কমিশনে ছিলেন। আওয়ামী লীগের ছিলেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এইচ টি ইমাম, আব্দুর রাজ্জাক, ফরিদুন্নাহার
লাইলী, ফজিলাতুন নেসা বাপ্পি, বজলুর রশীদ প্রমুখ। দুই দলের নেতারা পালা করে কমিশনার মো. শাহনেওয়াজ ও জাবেদ আলীর কক্ষে ছিলেন।
কমিশনে থাকাকালে বিএনপি তিন দফায় এবং আওয়ামী লীগ দুই দফায় সাংবাদিকদের ব্রিফ করে। বিএনপি বিভিন্ন পৌরসভার বিষয়ে ৯০টির মতো অভিযোগ কমিশনে জমা দিয়েছে। ব্রিফিংয়ে ওসমান ফারুক বলেন, নির্বাচনে সহিংসতা, কেন্দ্র দখল, ব্যালট বাক্স ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। তাঁরা সার্বিক পরিস্থিতি সম্পর্কে কমিশনকে জানিয়েছেন। কোথাও আওয়ামী লীগ, কোথাও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, আবার কোথাও যৌথ যোগসাজশে নির্বাচন বানচালের চেষ্টা করেছে সরকার। তিনি কমিশনারদের সহযোগিতারও প্রশংসা করেন।
এইচ টি ইমাম ব্রিফিংয়ে বলেন, নির্বাচন কমিশনের কোনো কোনো কাজে আওয়ামী লীগও ক্ষুব্ধ। নির্বাচনকে কেন্দ্র করে ছোটখাটো ঘটনা ঘটেছে। তাই বলে সার্বিক নির্বাচন নিয়ে প্রশ্ন তোলা যাবে না।
আওয়ামী লীগের পক্ষ থেকে ১৮টি পৌরসভার বিভিন্ন কেন্দ্র থেকে তাঁদের প্রার্থীদের এজেন্টদের বের করে দেওয়ার ও কেন্দ্র দখলের অভিযোগ করা হয়।
জাতীয় পার্টি অভিযোগ করেছে, আওয়ামী লীগের প্রার্থী-সমর্থকেরা ২৩টি পৌরসভার বিভিন্ন কেন্দ্র দখল করে জাল ভোট দিয়েছেন।
গতকাল বেশির ভাগ ক্ষেত্রে কমিশন অভিযোগ পাওয়ামাত্র রিটার্নিং কর্মকর্তা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সঙ্গে যোগাযোগ করে ব্যবস্থা নিয়েছে। কমিশনের নির্দেশ অমান্য করায় পুলিশের পাঁচজন উপপরিদর্শককে (এসআই) সাময়িক বরখাস্ত করার নির্দেশ দেওয়া হয়েছে, যা নিকট অতীতে দেখা যায়নি। গোলযোগপূর্ণ পরিবেশ ও ব্যালট পেপার ছিনতাইয়ের কারণে ১৯টি পৌরসভার ৫০টি কেন্দ্রে ভোট গ্রহণ স্থগিত করা হয়েছে। বর্তমান কমিশনকে এ ধরনের ভূমিকায় আগের নির্বাচনগুলোতে দেখা যায়নি।
রাতে কমিশন সচিবালয় থেকে জানানো হয়, নরসিংদীর মাধবদী পৌরসভার পুরো নির্বাচন স্থগিত করা হয়েছে। সেখানে ১২টি কেন্দ্র রয়েছে। এ ছাড়া নোয়াখালীর চৌমুহনীর ১০টি, মাদারীপুরের কালকিনির দুটি, চট্টগ্রামের চন্দনাইশের তিনটি, কুড়িগ্রামের উলিপুরের দুটি, কুমিল্লার বরুড়ার একটি, ময়মনসিংহের ভালুকার একটি, জামালপুরের তিনটি ও সরিষাবাড়ীর একটি, নড়াইলের কালিয়ার একটি, পটুয়াখালীর কুয়াকাটার একটি, চাঁদপুরের মতলবের একটি, বরগুনার একটি ও বেতাগীর একটি, নীলফামারীর সৈয়দপুরের চারটি, ফরিদপুরের নগরকান্দার একটি, শরীয়তপুরের একটি, ঠাকুরগাঁওয়ের তিনটি ও যশোরের একটি কেন্দ্রের ভোট গ্রহণ স্থগিত করা হয়েছে।
জানতে চাইলে সুশাসনের জন্য নাগরিকের (সুজন) সম্পাদক বদিউল আলম মজুমদার বলেন, গত তিনটি নির্বাচনের চেয়ে এবারের নির্বাচন অনেক বেশি সুষ্ঠু ও পরিচ্ছন্ন হয়েছে। কমিশন প্রার্থী, প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিরুদ্ধে যেসব ব্যবস্থা নিয়েছে, তা প্রশংসনীয়। দৃশ্যত নির্বাচন ভালো হয়েছে। তবে ২০০৮ থেকে ২০১২ সালের নির্বাচনের মানদণ্ডে পৌঁছাতে পারেনি।
ইলেকশন ওয়ার্কিং গ্রুপের নির্বাহী পরিচালক আবদুল আলীম বলেন, এই কমিশনের অধীনে আগের নির্বাচনগুলোর তুলনায় পৌর নির্বাচন ভালো হয়েছে।