নির্বাচন সুষ্ঠু হয়েছে: ব্রতী
নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচন অবাধ, সুষ্ঠু ও সুন্দরভাবে অনুষ্ঠিত হয়েছে বলে প্রাথমিক প্রতিবেদনে উল্লেখ করেছে নির্বাচন পর্যবেক্ষক সংস্থা ব্রতী। আজ বৃহস্পতিবার নির্বাচন পর্যবেক্ষণ শেষে সংস্থাটি এ প্রতিবেদন পাঠায়।
প্রতিবেদনে বলা হয়েছে, ব্রতীর পর্যবেক্ষকেরা বিভিন্ন কেন্দ্রে ৬২০ জন পোলিং অফিসার ও নির্বাচন কর্মকর্তা এবং প্রায় ২৪০ জন ভোটারের সঙ্গে কথা বলে এ তথ্য সংগ্রহ করেছেন। তাঁরা মোট ২১টি ওয়ার্ডের ৫৮টি কেন্দ্র পরিদর্শন করেন। সেখানে সর্বস্তরের মানুষ ও ভোটারদের সুশৃঙ্খল এবং শান্তিপূর্ণভাবে ভোট দিতে দেখা গেছে। প্রায় সব বুথেই প্রতিদ্বন্দ্বী প্রার্থীর এজেন্টদের উপস্থিত দেখা গেছে। ভোট গ্রহণের সময় প্রার্থীদের কারও কাছ থেকে কোনো ধরনের অভিযোগ পাওয়া যায়নি। ভোটাররা ব্রতীর পর্যবেক্ষকদের বলেছেন, সরকার, রাজনৈতিক দল ও প্রার্থীদের ইতিবাচক ভূমিকার কারণে নির্বাচন সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হয়েছে।