নির্বাচন সুষ্ঠু হয়েছে: সিইসি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চতুর্থ উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপে ৯৭টি উপজেলায় গতকাল বুধবার সুষ্ঠু নির্বাচন হয়েছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিবউদ্দীন আহমদ। ভোট গ্রহণ শেষে সন্ধ্যায় সংবাদ ব্রিফিংয়ে তিনি এ কথা জানান।
সিইসি বলেন, ‘দু-একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া নির্বাচন সুষ্ঠু হয়েছে। আমরা নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ করতে পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা গ্রহণ করেছি। আমরা সব নির্বাচন কর্মকর্তাকে নির্দেশ দিয়েছি আইন মোতাবেক কাজ করতে। কারণ আমরা আইনের বাইরে যাব না।’ তিনি আরও জানান, ভোট গণনা শেষে বলা যাবে, কত শতাংশ ভোটার ভোট দিয়েছেন।
কতটি কেন্দ্রে ভোট গ্রহণ স্থগিত করা হয়েছে, জানতে চাইলে সিইসি বলেন, কিছু কেন্দ্রের ভোট গ্রহণ বন্ধ করা হয়েছে। এটা স্বাভাবিক ব্যাপার। এগিয়ে থাকা প্রার্থীর সঙ্গে নিকটতম প্রার্থীর ভোটের ব্যবধান স্থগিত কেন্দ্রের ভোটের চেয়ে বেশি হলে এসব কেন্দ্রে নতুন করে ভোট গ্রহণের দরকার হবে না।
বিএনপির অভিযোগ সম্পর্কে সিইসি বলেন, ‘এটি নির্দলীয় নির্বাচন। তাই কোন দল কী অভিযোগ করল, সেটা গুরুত্বপূর্ণ বিষয় নয়। সব প্রার্থীই অভিযোগ করতে পারেন। অভিযোগ গুরুত্বসহকারে দেখছি। অভিযোগ রিটার্নিং কর্মকর্তাদের কাছে জানানোর জন্য প্রার্থীদের বলা হয়েছিল, যাতে তাঁরা দ্রুত ব্যবস্থা নিতে পারেন।’ নির্বাচন নিয়ে সন্তুষ্ট কি না, জানতে চাইলে তিনি বলেন, ‘সন্তুষ্টি-অসন্তুষ্টির বিষয় নয়, কমিশনের দায়িত্ব নির্বাচন করা। সেটা আমরা সুচারুভাবে সম্পন্ন করেছি।’
কমিশন সচিবালয় থেকে সন্ধ্যায় ১০টি কেন্দ্রের ভোট গ্রহণ স্থগিত হওয়ার হিসাব পাওয়া গেছে। এর মধ্যে রয়েছে সিরাজগঞ্জের উল্লাপাড়ায় দুটি, বরিশালের বাকেরগঞ্জে একটি, বগুড়ার সোনাতলায় চারটি, ঢাকার নবাবগঞ্জে দুটি ও ঝিনাইদহের শৈলকূপায় একটি। এ সংখ্যা আরও বাড়তে পারে।
বিএনপি গতকাল তিন দফায় বিভিন্ন উপজেলার সাত শকাধিক কেন্দ্রের নাম উল্লেখ করে অভিযোগ করে বলেছে, এসব কেন্দ্রে সরকারি দলের প্রার্থীরা কেন্দ্র দখল করে ব্যালট পেপারে সিল মারছেন। এ ছাড়া প্রার্থীদের পক্ষ থেকেও বেশ কিছু অভিযোগ পাওয়া গেছে। কিন্তু কমিশন কার্যকর কোনো ব্যবস্থা নেয়নি।