নির্বাচন সুষ্ঠু হয়েছে: সিইসি
বিচ্ছিন্ন কিছু ঘটনা ছাড়া সার্বিক বিচারে সারা দেশে ইউপি নির্বাচন সুষ্ঠু ও গ্রহণযোগ্য হয়েছে বলে দাবি করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিবউদ্দীন আহমদ। গতকাল মঙ্গলবার বিকেলে ভোট গ্রহণ শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
নির্বাচন কমিশনের মিডিয়া সেন্টারে সংবাদ ব্রিফিংয়ে কাজী রকিবউদ্দীন বলেন, অনিয়মের কারণে ৫৬টি কেন্দ্রের ভোট গ্রহণ বন্ধ ঘোষণা করা হয়েছে। সার্বিকভাবে এ নির্বাচন সুষ্ঠু হয়েছে। ভোটারদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি ছিল। কিছু বিচ্ছিন্ন ঘটনা ছাড়া নির্বাচন অবাধ ও গ্রহণযোগ্য হয়েছে।
গন্ডগোলে নিহত ও আহত হওয়ার ঘটনায় দুঃখ প্রকাশ করে সিইসি বলেন, ‘নোয়াখালীতে দুই নির্বাচনী কর্মকর্তা গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। ঝালকাঠিতে একজন মারা গেছেন। ভোটের আগের রাতে কয়েক জায়গায় কেন্দ্র দখল করে ব্যালট পেপারে সিল মারা হয়েছিল। দুই জায়গায় পুলিশ গুলি করে অপরাধীদের থানায় দিয়েছে। এসব অপরাধীর বিরুদ্ধে কমিশন মামলা করবে।’