নির্বাচন স্থগিত, উৎসাহে ভাটা
সীমানা নির্ধারণসংক্রান্ত জটিলতার কারণে পঞ্চগড়ের বোদা পৌরসভার নির্বাচন স্থগিত করা হয়েছে। নির্বাচন স্থগিতের খবরে পৌর এলাকাবাসী ও সম্ভাব্য প্রার্থীদের মধ্যে হতাশা দেখা দিয়েছে। ২০০১ সালে বোদা পৌরসভা প্রতিষ্ঠার পর এই প্রথম নির্বাচনের খবরে সাধারণ মানুষের মধ্যে প্রাণচাঞ্চল্য সৃষ্টি হয়েছিল।সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, পৌরসভা প্রতিষ্ঠার পর ২০০৫ সালের ৪ জুলাই নির্বাচনের তারিখ নির্ধারণ করে তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন। ঠিক এ সময় সাতখামার ও কুরুলিয়া মৌজা অন্তর্ভুক্ত না করার দাবিতে আহসান হাবীব নামের এক ব্যক্তি হাইকোর্টে রিট করেন। এর পরপরই নির্বাচন স্থগিত হয়ে যায়। কিন্তু নভেম্বরে এই রিট খারিজ করে দেন আদালত। নির্বাচনী তফসিল ঘোষণার কয়েক দিন আগে স্থানীয় সরকার মন্ত্রণালয় ওই দুটি মৌজা বোদা পৌরসভার অন্তর্ভুক্ত করার অনুমোদন দেয়। সেখানে নতুন করে সীমানা নির্ধারণ ও ভোটার তালিকা প্রণয়নের নির্দেশ দেওয়া হয়। কিন্তু স্থানীয় সরকার মন্ত্রণালয়ের এ নির্দেশনা সময়মতো নির্বাচন কমিশনকে জানানো হয়নি। ফলে নির্বাচন কমিশন ওই দুটি মৌজা বাদ দিয়ে নির্বাচনী তফসিল ঘোষণা করে। তাই নতুন করে সীমানা নির্ধারণ ও ভোটার তালিকা প্রণয়নের প্রয়োজনে আপাতত বোদা পৌরসভার নির্বাচন স্থগিত করা হয়।পঞ্চগড়ে জেলা নির্বাচন কর্মকর্তা মো. রবিউল ইসলাম নির্বাচন স্থগিতের সত্যতা নিশ্চিত করে বলেন, স্থানীয় সরকার মন্ত্রণালয় বোদা পৌরসভার নির্বাচন স্থগিত বিষয়ে নির্বাচন কমিশনকে গত মঙ্গলবার বিকেলে একটি চিঠি প্রেরণ করে। এই চিঠির পরিপ্রেক্ষিতে নির্বাচন কমিশন বোদা পৌরসভার নির্বাচন স্থগিত করার নির্দেশ দিয়েছে। নতুন করে সীমানা নির্ধারণ ও ওয়ার্ড বিভক্তিকরণের পর নির্বাচনী তফসিল ঘোষণা করা হবে।