
ফরিদপুরের মধুখালী উপজেলার চারটি ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচন স্থগিত করার দাবি জানিয়েছে বিএনপি। গতকাল শনিবার ফরিদপুর প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য সাবেক সাংসদ শাহ মো. আবু জাফর এ দাবি জানান। তিনি বলেন, এ চার ইউপিতে নির্বাচনের পরিবেশ নেই। ৭ মে এই চার ইউপিতে ভোট হবে।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে শাহ জাফর বলেন, ‘মধুখালীর বাগাট, কামারখালী, রায়পুর ও জাহাপুর ইউপিতে বর্তমানে নির্বাচনের কোনো পরিবেশ নেই। নির্বাচন স্থগিত করে নৈরাজ্যকর পরিস্থিতি সৃষ্টির জন্য যে পুলিশ সদস্য ও প্রশাসনিক কর্মকর্তা দায়ী, তাঁদের মধুখালী থেকে বদলি করে নির্বাচনের সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে এনে পুনরায় নির্বাচনের তারিখ ঘোষণার দাবি জানাচ্ছি।’
শাহ জাফর বাগাট ইউপির চেয়ারম্যান ও বিএনপির চেয়ারম্যান পদপ্রার্থী মো. আবদুর রহিম ফকিরসহ গ্রেপ্তার হওয়া অন্য নেতাদের মুক্তির দাবি করেন। এ ছাড়া উপজেলা বিএনপির সভাপতি ও কামারখালী ইউনিয়ন বিএনপির মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী রাকিব হোসেন চৌধুরীসহ বিএনপির সব নেতার বিরুদ্ধে করা মামলা প্রত্যাহারের দাবি জানান তিনি।
শাহ জাফর বলেন, গত ২৩ এপ্রিল রাতে বিএনপির প্রার্থীর সমর্থকেরা বাগাট ইউনিয়নের রায়জাদাপুর এলাকায় নির্বাচনী প্রচারণা চালাচ্ছিলেন। সে সময় আওয়ামী লীগের প্রার্থী মতিয়ার রহমান খানের সমর্থকেরা বিএনপির প্রার্থী আবদুর রহিম ফকিরের ওপর হামলা চালালে তাঁরা সেখান থেকে বাগাট বাজারে চলে আসেন। সেখানেও তাঁদের ওপর আরেক দফা হামলা চালানো হয়। এ গোলমালের সুযোগ নিয়ে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী মুরাদ মিয়ার কর্মী-সমর্থকেরা হামলা চালালে আওয়ামী লীগের প্রার্থী মতিয়ার রহমানের বড় ভাই আতিয়ার রহমান নিহত হন। এ ঘটনায় বিএনপির প্রার্থী আবদুর রহিম ফকিরসহ বিএনপির নেতা-কর্মীদের গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছে। এ ছাড়া মধুখালী উপজেলা বিএনপির সভাপতি রাকিব হোসেন চৌধুরী, পৌর বিএনপির সভাপতি সাহাবুদ্দিন আহমেদসহ ১০২ জনের বিরুদ্ধে হত্যা মামলা দিয়ে তাঁদের এলাকাছাড়া করা হয়েছে।
শাহ জাফর আওয়ামী লীগের প্রার্থীর ভাই আতিয়ার রহমানের প্রকৃত হত্যাকারীদের গ্রেপ্তারের দাবি জানিয়ে বলেন, ‘এ ঘটনার পর আওয়ামী লীগের নেতা-কর্মীরা ওই এলাকার বিএনপির নেতা-কর্মীদের বাড়িঘর ভাঙচুর ও লুটপাট করছেন। এ অবস্থায় ওই চার ইউপির একটিতেও নির্বাচনের পরিবেশ নেই।’ তিনি অবিলম্বে গ্রেপ্তার হওয়া নেতা-কর্মীদের মুক্তি, মামলা প্রত্যাহার ও নির্বাচনী পরিবেশ সৃষ্টি না হওয়া পর্যন্ত নির্বাচন স্থগিত করার দাবি জানান।
সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে জেলা বিএনপির সাধারণ সম্পাদক সৈয়দ মোদাররেছ আলী, সহসভাপতি শহীদ পারভেজ, আজম খান, যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ জুলফিকার হোসেন, খন্দকার ফজলুল হক, মধুখালী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবুল কাশেম, যুগ্ম সম্পাদক মিহির কুমার প্রমুখ উপস্থিত ছিলেন।
জেলা নির্বাচন কর্মকর্তা ফরিদুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘এ ব্যাপারে আমার কাছে লিখিত বা মৌখিক কোনো অভিযোগ আসেনি।’