নির্বাচন স্থগিত, প্রার্থীরা জানেন না!
পটুয়াখালীর বাউফল উপজেলার অগ্রণী বিদ্যাপীঠের ব্যবস্থাপনা কমিটির নির্বাচন হওয়ার কথা ছিল গতকাল বৃহস্পতিবার। কিন্তু প্রার্থীদের কোনো নোটিশ না দিয়েই নির্বাচন বন্ধ করে দিয়েছেন উপজেলা মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার মো. ইউসুফ আলী।
কমিটির অভিভাবক সদস্যপদে প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা গতকাল ভোরে বিষয়টি জানতে পেরে হতবাক হয়ে যান। ভোট দিতে আসা ব্যক্তিরাও এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন। তাঁরা অভিযোগ করেন, ক্ষমতাসীন দলের প্রার্থীরা নির্বাচনে হেরে যাবেন—এমন আশঙ্কায় নির্বাচন স্থগিত করা হয়েছে।
মো. আবুল হোসেন ও মো. ইলিয়াস হোসেন নামের দুজন অভিভাবক বলেন, ‘গতকাল ভোট দিতে এসেছিলাম যোগ্য অভিভাবক সদস্য নির্বাচিত করার জন্য। তা আর হলো না।’
অভিভাবকেরা ক্ষোভ প্রকাশ করে বলেন, দীর্ঘদিন ধরে বিদ্যালয়ে নিয়মিত ব্যবস্থাপনা কমিটি নেই। এ কারণে শিক্ষার পরিবেশ মারাত্মকভাবে বিঘ্নিত হচ্ছে।
অগ্রণী বিদ্যাপীঠ সূত্রে জানা গেছে, নির্বাচনে চার অভিভাবক সদস্যপদের জন্য সাতজন ও দুই শিক্ষক প্রতিনিধি পদের জন্য চারজন শিক্ষক প্রতিদ্বন্দ্বিতা করছিলেন। মোট ভোটার ৩২২ জন।
অভিভাবক সদস্যপদে প্রতিদ্বন্দ্বী প্রার্থী মো. আবদুল বারেক হাওলাদার বলেন, ‘নির্বাচনের সব প্রস্তুতি শেষ করেছি। অথচ আমাকে না জানিয়েই নির্বাচন স্থগিত করা হয়েছে।’ একই কথা বলেন প্রার্থী মো. জহিরুল ইসলাম, আবুল বশার, মো. শাহজাহান ব্যাপারী ও মো. মজিবুর রহমান।
নাম প্রকাশ না করার শর্তে এক শিক্ষক প্রথম আলোকে বলেন, আওয়ামী লীগের এক প্রভাবশালী নেতার দাপটের কারণে নির্বাচনের পরিবেশ নেই মর্মে তাঁরা ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের কাছে আবেদন করেছেন। প্রধান শিক্ষক বিষয়টি নির্বাচন পরিচালনার দায়িত্বে থাকা উপজেলা মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার মো. ইউসুফ আলীকে জানান।
ইউসুফ আলী বলেন, নির্বাচনকে কেন্দ্র করে ওই বিদ্যালয়ের কয়েকজন শিক্ষককে হুমকি দেওয়া হয়েছে। নির্বাচন অনুষ্ঠিত হলে আইনশৃঙ্খলার অবনতি ঘটতে পারে—প্রধান শিক্ষকের এমন লিখিত আবেদনের ভিত্তিতে নির্বাচন সাময়িকভাবে স্থগিত করা হয়েছে।
অভিভাবক সদস্যপদে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের বিষয়টি জানানো হয়েছে কি না, জানতে চাইলে ইউসুফ আলী বলেন, জানানো হয়নি। তবে এ-সংক্রান্ত বিজ্ঞপ্তি ওই বিদ্যালয়ের নোটিশ বোর্ডে টাঙানো হয়েছে।
তবে বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. শহীদুল ইসলাম বলেন, ‘আমি নির্বাচন স্থগিত করার জন্য কোনো আবেদন করিনি।’
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ বি এম সাদিকুর রহমান বলেন, ‘শুনেছি। তবে আমাকে না জানিয়ে নির্বাচন স্থগিত করা হয়েছে।’