নির্বাচন হবে অবাধ ও সুষ্ঠু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী মার্কিন পররাষ্ট্রমন্ত্রী নিশা দেশাই বিসওয়াল গতকাল প্রধানমন্ত্রী শেখ হাসিনা  ছবি: বাসস ও প্রথম আলো
দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী মার্কিন পররাষ্ট্রমন্ত্রী নিশা দেশাই বিসওয়াল গতকাল প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছবি: বাসস ও প্রথম আলো

সফররত যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী নিশা দেশাই বিসওয়াল বলেছেন, বাংলাদেশে অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য
নির্বাচন চায় যুক্তরাষ্ট্র। তিনি আশা প্রকাশ করে বলেন, গণতান্ত্রিক প্রক্রিয়া অব্যাহত রাখতে বাংলাদেশে অবাধ, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠিত হবে। গতকাল রোববার বিকেলে গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং পরে রাতে বিরোধীদলীয় নেতা ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে বৈঠকে তিনি এ আশা প্রকাশ করেন।
বাসস ও ইউএনবি জানায়, প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতে নিশা দেশাই বলেন, পারস্পরিক সমৃদ্ধি ও নিরাপত্তার জন্য বাংলাদেশ এই অঞ্চলের অত্যন্ত গুরুত্বপূর্ণ দেশ। তিনি বলেন, মার্কিন-বাংলাদেশ অংশীদারত্ব অত্যন্ত দৃঢ়। এ প্রসঙ্গে নিশা দেশাই উল্লেখ করেন, উভয় দেশের জন্য দক্ষিণ-পূর্ব ও দক্ষিণ এশীয় অঞ্চলের বাণিজ্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ, বৈশ্বিক রূপান্তরের ক্ষেত্রে বাংলাদেশ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। তিনি বর্তমান সরকারের মেয়াদে বিভিন্ন ক্ষেত্রে সাফল্যের ভূয়সী প্রশংসা করেন।
এ সময় প্রধানমন্ত্রী আশা প্রকাশ করে বলেন, বিরোধী দল আগামী নির্বাচনে অংশ নেবে এবং জনগণ তাদের ভোটাধিকার প্রয়োগ করবে। তিনি বলেন, আগামী নির্বাচন অবাধ, নিরপেক্ষ ও বিশ্বাসযোগ্য হবে। তাঁর সরকার গণতন্ত্রকে আরও শক্তিশালী করার লক্ষ্যে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী মার্কিন পররাষ্ট্রমন্ত্রী নিশা দেশাই বিসওয়াল গতকাল বিরোধীদলীয় নেতা বেগম খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাত্ করেন ছবি: বাসস ও প্রথম আলো
দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী মার্কিন পররাষ্ট্রমন্ত্রী নিশা দেশাই বিসওয়াল গতকাল বিরোধীদলীয় নেতা বেগম খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাত্ করেন ছবি: বাসস ও প্রথম আলো

শেখ হাসিনা উল্ল্লেখ করেন, গত পাঁচ বছরে বিভিন্ন পর্যায়ে পাঁচ হাজার ৮২৮টি নির্বাচন অনুষ্ঠিত হয়েছে এবং এসব নির্বাচনের মাধ্যমে ৬৪ হাজার ৬০ জন জনপ্রতিনিধি নির্বাচিত হয়েছেন। সব নির্বাচনই অবাধ, নিরপেক্ষ ও সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে এবং এসব নির্বাচনের বিরুদ্ধে কেউ কোনো অভিযোগ উত্থাপন করতে পারেনি।
মার্কিন সরকারের জিএসপি-সুবিধা স্থগিত রাখা প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, এ সিদ্ধান্তের ফলে বাংলাদেশের সুবিধাবঞ্চিত জনগণ ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হবে। যুক্তরাষ্ট্রের সঙ্গে বহুল আলোচিত টিকফা চুক্তি প্রসঙ্গে তিনি বলেন, এই চুক্তি ইতিমধ্যেই অনুমোদন পেয়েছে। বিষয়টি সম্পন্ন করতে বাংলাদেশের একটি প্রতিনিধিদল শিগগিরই যুক্তরাষ্ট্র সফরে যাবে।
আমাদের নিজস্ব প্রতিবেদক জানান, বিরোধীদলীয় নেতা ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে গতকাল রাতে বৈঠক করেছেন নিশা দেশাই বিসওয়াল। বৈঠকে নিশা দেশাই বলেন, বাংলাদেশে তাঁরা একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন দেখতে চান। বিরোধীদলীয় নেতার গুলশান কার্যালয়ে রাত সাড়ে আটটায় এই বৈঠক শুরু হয়। এক ঘণ্টা ২০ মিনিট ধরে চলা এই বৈঠকে খালেদার জিয়ার সঙ্গে বিভিন্ন বিষয় নিয়ে নিশা দেশাই আলোচনা করেন।
বৈঠক শেষে সংক্ষিপ্ত সংবাদ সম্মেলনে বিএনপির ভাইস চেয়ারম্যান শমসের মবিন চৌধুরী এসব কথা জানান।

সংবাদ সম্মেলনে জানানো হয়, নিশা দেশাই বৈঠকে খালেদা জিয়াকে বলেছেন, তাঁরা বাংলাদেশে একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন দেখতে চান। তবে সেটা কীভাবে হবে, কোন প্রক্রিয়ায় হবে—তা বাংলাদেশের মানুষই সিদ্ধান্ত নেবে। নিশা বলেন, তিনি বাংলাদেশের স্থিতিশীলতা ও উন্নয়নের ধারাবাহিকতা দেখতে চান।

শমসের মবিন চৌধুরী জানান, গত ২১ অক্টোবর সংবাদ সম্মেলন করে খালেদা জিয়া নির্বাচনকালীন সরকার প্রসঙ্গে প্রস্তাব দিয়ে যে বক্তব্য দিয়েছিলেন, তার ভূয়সী প্রশংসা করেছেন নিশা দেশাই। নিশা দেশাই বলেন, এই বক্তব্য বাংলাদেশকে আগামীর পথ দেখিয়েছে। আন্তর্জাতিক মহল বাংলাদেশ থেকে কী আশা করে, তাও তাঁর এই বক্তব্যে উঠে এসেছে।

সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, খালেদা জিয়া বৈঠকে নিশা দেশাইকে বলেছেন, সংলাপ ও আলোচনার মাধ্যমে একটি গ্রহণযোগ্য সমাধানে পৌঁছাতে চায় বিএনপি। এমন একটা নির্বাচন হতে হবে, যা সুষ্ঠু, অবাধ ও প্রতিযোগিতামূলক হবে। এটা এ দেশের মানুষও চায়।