এখন নির্বাচন হলে আওয়ামী লীগ ৩০টি আসন পাবে বলে দাবি করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ। বিএনপিপন্থী সাবেক সিবিএ নেতা বি এম বাকির হোসেনের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে গতকাল শুক্রবার বিকেলে মওলানা ভাসানী মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় তিনি এ কথা বলেন।একটি পত্রিকার জরিপে পাওয়া গত এক বছরে ক্ষমতাসীনদের ১০ শতাংশ জনপ্রিয়তা হ্রাসের তথ্য এসেছে উল্লেখ করে মওদুদ আহমদ বলেন, জনপ্রিয়তা ১০ শতাংশ নয়, পাঁচ শতাংশ কমলেই নির্বাচনে আওয়ামী লীগের ভরাডুবি নিশ্চিত। বিএনপির কেন্দ্রীয় এই নেতা বলেন, জাতির উদ্দেশে গত বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর দেওয়া বক্তব্য অন্তঃসারশূন্য ও গতানুগতিক। দ্রব্যমূল্য বৃদ্ধি, আইনশৃঙ্খলার অবনতি, মানবাধিকার লঙ্ঘনের মতো বিষয়গুলো সেখানে স্থান পায়নি। কারণ, প্রধানমন্ত্রী জানেন বিরোধী দলকে দমন-পীড়ন ছাড়া গত দুই বছরে তাঁদের কোনো সাফল্য নেই। মওদুদ আহমদ বলেন, সংসদ সার্বভৌম নয়। যে সংসদে দুই বছরে ১৩০টি বিল ও দুটি বাজেট একদলীয়ভাবে পাস হয়, সে সংসদ সার্বভৌম হতে পারে না। আলোচনা সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও শ্রমিক দলের নেতা নজরুল ইসলাম খান প্রমুখ বক্তব্য দেন।