শান্তিপূর্ণ পরিবেশ নেই, এমন অভিযোগ করে পৌরসভা নির্বাচন ‘বয়কটের’ ঘোষণা দিলেন চট্টগ্রামের সীতাকুণ্ডে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী সিরাজ-উদ-দৌলা। গতকাল মঙ্গলবার বিকেলে মুঠোফোনে প্রথম আলোকে বিষয়টি নিশ্চিত করেন তিনি।
সিরাজ-উদ-দৌলা সীতাকুণ্ড পৌর আওয়ামী লীগের সহসভাপতি। তবে মেয়র পদে মনোয়নপত্র জমা দেওয়ার পর তিনি দল থেকে পদত্যাগ করার ঘোষণা দেন। এর আগে একই অভিযোগে গত রোববার রাতে নির্বাচন থেকে সরে দাঁড়ান আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী ও বর্তমান মেয়র সফিউল আলম। ফলে সীতাকুণ্ডে আওয়ামী লীগের কোনো বিদ্রোহী প্রার্থী শেষ পর্যন্ত আর নির্বাচনে থাকল না।
সিরাজ-উদ-দৌলা মুঠোফোনে প্রথম আলোকে বলেন, গত সোমবার বিকেল থেকে রাত ১১টা পর্যন্ত পৌর সদরের নিজ বাড়িতে কার্যত অবরুদ্ধ ছিলেন তিনি। সন্ত্রাসীরা বিকেল থেকে তার বাড়ির চারদিকে ঘিরে তাঁকে হুমকি দেয়। এ সময় সন্ত্রাসীরা তাঁর বাড়ির বাইরে একের পর এক ককটেলের বিস্ফোরণ ঘটায়। এতে তাঁর পরিবারের সদস্যরা আতঙ্কিত হয়ে পড়েন।
সিরাজ-উদ-দৌলা বলেন, সোমবার সকালে সন্ত্রাসীরা তাঁকে নির্বাচন থেকে সরে যাওয়ার হুমকি দেয়। সরে না গেলে তাঁর নির্বাচনী এজেন্টদের ক্ষতি হবে বলেও জানায়। পরে সবার কথা চিন্তা করে ও নির্বাচনের পরিবেশ বিশৃঙ্খল দেখে তিনি নির্বাচন বয়কট করার সিদ্ধান্ত নিয়েছেন।
বিদ্রোহী প্রার্থী সরে দাঁড়ানোর বিষয়ে জানতে চাইলে সীতাকুণ্ড উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল বাকের ভূঁইয়া বলেন, দুই প্রার্থী সরে দাঁড়ানোয় দলীয় মেয়র প্রার্থীর জয়লাভ করা আরও সহজ হবে।