নির্বাচনই হবে না বলাই রাষ্ট্রদ্রোহিতা: ফখরুল
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘গণতান্ত্রিক দেশে “নির্বাচনই হবে না” এ কথা বলাটা তো রাষ্ট্রদ্রোহিতা হওয়া উচিত বলে আমি মনে করি।’গতকাল বুধবার বিকেলে জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদ আয়োজিত আলোচনা সভায় প্রধানমন্ত্রীর একটি বক্তব্যের উল্লেখ করে মির্জা ফখরুল এ কথা বলেন। গণমাধ্যমের স্বাধীনতা ও আমার দেশ-এর ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানের মুক্তির দাবিতে এ আলোচনার আয়োজন করা হয়।গত রোববার জাতীয় সংসদে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘অসাংবিধানিক সরকার আনলে কারও লাভ হবে না, নির্বাচনই হবে না।’মির্জা ফখরুল বলেন, সরকারের ওপর মানুষের কোনো আস্থা নেই। সে কারণে চার সিটি করপোরেশন নির্বাচনে তাদের এভাবে পরাজয় বরণ করতে হয়েছে। আর তাই আগে অনেক কথা বললেও এখন মুখোশ খুলে আসল কথা বলে ফেলেছেন যে নির্বাচনই হবে না। তিনি বলেন, যাঁরা নির্বাচনই হবে না বলেন, তাঁরা সংবিধানের মূল কথাগুলোকেই অস্বীকার করেন।ফখরুল আরও বলেন, ‘আওয়ামী লীগ গণতন্ত্রের “গ”তেও বিশ্বাস করে না। আমরা তাদের চিনি। এর আগে ক্ষমতাকে নিরঙ্কুশ করার জন্য তারা সংবিধানের চতুর্দশ সংশোধনী করেছিল। এখন ক্ষমতাকে চিরস্থায়ী করার জন্য বলছে নির্বাচনই হবে না।’বিরোধী দল নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার ছাড়া কোনো নির্বাচনে অংশ নেবে না, মির্জা ফখরুল সে কথা পুনর্ব্যক্ত করেন।ফখরুল বলেন, আওয়ামী লীগ গণমাধ্যমকে ভয় পায়, সে জন্য আমার দেশ, দিগন্ত ও ইসলামিক টিভি বন্ধ করে দিয়েছে। সম্মিলিত পেশাজীবী পরিষদের সভাপতি ও চলচ্চিত্রকার চাষী নজরুল ইসলামের সভাপতিত্বে আর বক্তব্য দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক সহ-উপাচার্য আ ফ ম ইউসুফ হায়দার, ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষক সমিতির সাবেক সভাপতি সদরুল আমিন, বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা জয়নাল আবেদীন প্রমুখ।