নির্বাচনকালীন প্রধানমন্ত্রীর নেতৃত্বে ১৬ সদস্যের মন্ত্রিসভা: নাসিম

নির্বাচনকালীন প্রধানমন্ত্রীর নেতৃত্বে ১৬ সদস্যের মন্ত্রিসভা (কেবিনেট) থাকবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোহাম্মদ নাসিম।
আজ বৃহস্পতিবার দুপুরে বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে বাংলাদেশ লোড-আনলোড শ্রমিক ফেডারেশন আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে নাসিম এ কথা জানান।
এ প্রসঙ্গে নাসিম বলেন, ‘তাঁরাই (১৬ সদস্যের মন্ত্রিসভা) সরকার পরিচালনা করবেন। আর নির্বাচন পরিচালনা করবে নির্বাচন কমিশন।’
আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর এই সদস্য বলেন, সংবিধান অনুযায়ী আগামী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। এই নির্বাচন কেউ ঠেকাতে পারবে না।
বিএনপির বেঁধে দেওয়া সময়সীমা সম্পর্কে নাসিম বলেন, ২৪ অক্টোবর কিছুই হবে না। বিএনপি বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলে দেশের জনগণ ও ঢাকা মহানগর আওয়ামী লীগ মিলে তা প্রতিহত করবে।
সাবেক এই স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘মিসরে গণতন্ত্র রক্ষার নামে মানুষ হত্যা করা হচ্ছে। খালেদা জিয়া দেশে মিসরের মতো পরিস্থিতি সৃষ্টি করতে চান। এ জন্য তিনি সেনাবাহিনী, পুলিশ ও বিজিবির কথা বলছেন। ওই সব বাহিনীর নির্দিষ্ট দায়িত্ব রয়েছে। গণতন্ত্র রক্ষা করবে দেশের জনগণ।’
বিএনপি আন্দোলনে ব্যর্থ হয়েছে উল্লেখ করে নাসিম বলেন, খালেদা জিয়া জনগণের কাছে যেতে ব্যর্থ হয়েছেন। তাই বিএনপি অবৈধ পথে ক্ষমতায় যেতে ষড়যন্ত্র করছে। তাঁরা জনগণের ওপর আস্থা হারিয়ে এখন সেনাবাহিনী, পুলিশ, বিজিবিকে গণতন্ত্র রক্ষার জন্য আহ্বান জানাচ্ছেন। তিনি বিএনপিকে অহেতুক আন্দোলনের কথা বলে মানুষের মাথা নষ্ট না করার পরামর্শ দেন।
লোড-আনলোড শ্রমিক ফেডারেশনের সভাপতি এস এম ওমর ফারুকের সভাপতিত্বে আলোচনা সভায় আরও বক্তব্য দেন ঢাকা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন চৌধুরী, সহসভাপতি মুকুল চৌধুরী প্রমুখ।