নির্বাচনকালীন সরকার ঐকমত্যের ভিত্তিতে হতে হবে: আনোয়ার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এম কে আনোয়ার, ফাইল ছবি
এম কে আনোয়ার, ফাইল ছবি

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাংসদ এম কে আনোয়ার বলেছেন, প্রধান উপদেষ্টা বা সরকারপ্রধান যা-ই বলা হোক, তা ঐকমত্যের ভিত্তিতে হতে হবে। এটা হলে কোনো সমস্যা নেই। আজ বুধবার সন্ধ্যায় জাতীয় সংসদে পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে দেওয়া বক্তব্যে তিনি এ কথা বলেন।

এম কে আনোয়ার বলেন, ‘আমরা অনেক দিন পর সংসদে এসেছি। আপনারা (সরকারি দল) বারবার বলেন, কোনো প্রস্তাব থাকলে সংসদে এসে বলুন। তাই আমরা সংসদে এসে তা তুলে ধরেছি। আসলে সমস্যাটা শুরু হলো ১৫তম সংশোধনীর পর থেকে। সরকারের যে ইশতেহার, তাতে কিন্তু সংবিধান সংশোধনের কোনো কথা ছিল না। এটা নিয়ে একটা সমস্যা সৃষ্টি হলে সমাধানের জন্য প্রধানমন্ত্রী একটি প্রস্তাব দেন, এরপর বিরোধীদলীয় নেতা খালেদা জিয়াও একটি প্রস্তাব দেন। এটা নিয়ে আলোচনার জন্য একটা সুযোগ তৈরি হয়েছে।’

এম কে আনোয়ার বলেন, ‘বিশ্বের কোথাও তত্ত্বাবধায়ক আছে কি না, জানি না তবে সম্প্রতি ইতালি ও পাকিস্তানে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হয়েছে।’

খালেদা জিয়ার ২০ উপদেষ্টার মধ্যে ১০ জনকে বেছে নেওয়ার কথা তুলে ধরে এম কে আনোয়ার বলেন, ১০ উপদেষ্টা নিয়ে আলোচনার পর আলোচনা হবে প্রধান উপদেষ্টা বা সরকারপ্রধান যা-ই বলা হোক না কেন।তবে তা ঐকমত্যের ভিত্তিতে হতে হবে।এটা হলে কোনো সমস্যা নেই।

এম কে আনোয়ার প্রধানমন্ত্রীর প্রতি আহ্বান জানিয়ে বলেন, ‘দেশ যে সংকটে পড়েছে তা থেকে বের হতে হবে। জনগণ কী চায়, তা ওনার (প্রধানমন্ত্রী) চেয়ে কেউ বেশি জানে না।’ তাই ঐক্যবদ্ধভাবে সমস্যা সমাধানের আহ্বান জানান তিনি।